প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পর কিশোরীর উপর থেকে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

Image: SNS

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছিল বছর পনেরোর এক কিশোরী। সেই ঘটনায় দিল্লি পুলিশ তার বিরুদ্ধে এফআইআর রুজু করে। দিল্লি পুলিশ কিশোরীর উপর থেকে মামলাটি তুলে নিয়েছে বলে বলে খবর।কিশোরীটি সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিল।

সে বলেছিল, এটি তার জীবনের ‘প্রথম এবং শেষ ভুল’। একই সঙ্গে তার মা প্রশাসন ও সরকারের কাছে এফআইআর প্রত্যাহার করার জন্য আবেদন জানান। সম্প্রতি প্রধানমন্ত্রী (Narendra Modi) একটি ভিডিও বার্তায় বিক্ষোভে অংশ নেওয়া তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার কথা জানান। তারপরই দিল্লি পুলিশ ওই কিশোরীর বিরুদ্ধে করা এফআইআর তুলে নেয় বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Explainer: ‘আমি যা করেছি ক্ষমার অযোগ্য’, প্রধানমন্ত্রীকে অশ্লীল অপমান করা রুচিকার পরিচয় জানুন


প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) সেই বার্তাকে স্বাগত জানায় ওই কিশোরীর পরিবার। কিশোরীর মায়ের দাবি, প্রধানমন্ত্রীর (Narendra Modi) ঘোষণার পরও মামলা তুলে নিতে দেরি হওয়ার মানসিক চাপের মধ্যে ছিলেন তাঁরা। সেই সঙ্গে পরিবারের দাবি, এফআইআরে কিশোরীর বয়স ভুল লেখা হয়েছে। কিশোরী বয়স ১৫, সেই জায়গায় ২৫ বছর লেখা হয়েছে। বিষয়টি সংশোধনের আর্জিও জানিয়েছেন কিশোরীর মা। পাশাপাশি, তিনি ১৮ বছরের কম বয়সিদের জন্য সমাজ মাধ্যম ব্যবহারে দেশজুড়ে নিষেধাজ্ঞার দাবিও তোলেন।

প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিয়ে কিশোরীর মন্তব্য সামাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে সমাজ মাধ্যমে তাকে খুন ও ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরে নয়ডা পুলিশ ‘জিরো এফআইআর’ দায়ের করে। পরে তা দিল্লি পুলিশের কাছে স্থানান্তর করা হয়। ক্ষমা চাওয়ার সময় কিশোরী জানায়, বিক্ষোভ অংশ নিয়ে অন্যদের দ্বারা প্রভাবিত হয়ে সেই ওই মন্তব্য করেছিল।

আরও পড়ুন: মোদীর ফের ভিডিও বার্তা, অশ্লীল ভাষায় আক্রমণকারীদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী

গত শুক্রবার রাত ১১টার সময় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বলেন, তাঁর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা তরুণ-তরুণীদের তিনি ক্ষমা করে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা চালিয়ে বা হয়রানি করে সমস্যার সমাধান হবে না বলেও তিনি জানান। তিনি বলেন, ‘ওদের শাস্তি দিলে পরিস্থিতি বদলাবে না। আমি ওদের ক্ষমা করে দিতে চাই। সমাজের কাছেও আমার অনুরোধ, সকলে যেন আমার বক্তব্য মেনে নেয়।‘ এরপরই দিল্লি পুলিশ ওই কিশোরীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার করে নেয় বলে খবর।