গুজরাটের সুরাটে প্রায় ১৮,৮০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে গিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়নের পথে আত্মনির্ভরতা অন্যতম প্রধান শক্তি।
শুক্রবার সুরাটে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু মানুষ এখনও ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের সমালোচনা করেন এবং এই উদ্যোগকে খাটো করে দেখানোর চেষ্টা করেন। তাঁর দাবি, এই ধরনের মানুষ বরাবরই ভারতকে অন্য দেশের উপর নির্ভরশীল করে রাখতে চেয়েছেন। মোদীর কথায়, ‘যে দেশ অন্যের উপর নির্ভরশীল থাকে, সে কখনও প্রকৃত উন্নতির শিখরে পৌঁছতে পারে না।’
বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, গত ১২ বছর ধরে কংগ্রেস রাজনৈতিক স্বার্থে দেশে অস্থিরতা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে চলেছে। তবে দেশের মানুষ বারবার সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, গুজরাটে কংগ্রেসকে প্রান্তিক অবস্থায় ঠেলে দিয়েছে জনতা। একইভাবে হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবের সাম্প্রতিক নির্বাচনের ফলও কংগ্রেসের প্রতি মানুষের অনাস্থার প্রতিফলন।
কর্ণাটকের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, সেখানে কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। সেই কারণেই দলকে মুখ্যমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মোদীর মতে, আজকের ভারত নেতিবাচকতার রাজনীতি থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে। দেশের মানুষ স্বপ্ন, আশা এবং উন্নয়নের সংকল্প নিয়ে এগোচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে উন্নয়নই সর্বোচ্চ অগ্রাধিকার। সেই কারণেই দেশের মানুষ বারবার বিজেপির উপর আস্থা রাখছেন এবং নির্বাচনে সমর্থন দিচ্ছেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতেও বিজেপি ও এনডিএ উল্লেখযোগ্য জনসমর্থন পেয়েছে।
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে মোদী বলেন, বর্তমানে বিশ্ব এক অভূতপূর্ব সংকটের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ মহামারি, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত এবং জ্বালানি সংকট বিশ্ব অর্থনীতিকে চাপে ফেলেছে। পেট্রোলের দামের ওঠানামা এবং গ্যাস সরবরাহে অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন তিনি।
তবে এই সমস্ত বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও ভারতের স্থিতিশীল অবস্থান বজায় রয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘১৪০ কোটি ভারতবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই দেশ প্রতিটি সংকটের মোকাবিলা শক্ত হাতে করতে সক্ষম হয়েছে।’
উন্নয়ন, আত্মনির্ভরতা এবং রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা দিয়েই সুরাটের সভা থেকে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।