পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহের মধ্যেই হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাতের ভাডিনার বন্দরে পৌঁছল ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘নন্দা দেবী’। মঙ্গলবার সকাল প্রায় ১১টা ২৫ মিনিটে জাহাজটি বন্দরে ভিড়ে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
এই সপ্তাহে ভারতের পশ্চিম উপকূলে পৌঁছনো এটি দ্বিতীয় এলপিজি বাহক জাহাজ। এর আগে ‘শিবালিক’ নামের আর একটি ট্যাঙ্কার মুন্দ্রা বন্দরে নোঙর করেছিল। দুটি জাহাজই দেশের জ্বালানি সরবরাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ এলপিজি নিয়ে এসেছে।
বর্তমানে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ। কিন্তু ইরান, আমেরিকা ও ইজরায়েলকে ঘিরে চলা সংঘাতের জেরে এই পথে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। ফলে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে কাণ্ডলা বন্দর কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, এলপিজি বহনকারী জাহাজগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিংয়ের সুযোগ দিতে হবে, যাতে দ্রুত পণ্য খালাস করে দেশে সরবরাহ বজায় রাখা যায়।
সরকারি দপ্তর সূত্রে জানা গেছে, দেশের রান্নার গ্যাস ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য এলপিজির একটি বড় অংশ আমদানির উপর নির্ভরশীল। তাই এই ধরনের জাহাজের দ্রুত আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘নন্দা দেবী’ এবং ‘শিবালিক’— এই দুই জাহাজের আগমনকে ঘিরে আগে থেকেই বন্দরগুলিতে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যাতে কোনও বিলম্ব ছাড়াই পণ্য খালাস শুরু করা যায়।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহি থেকে প্রায় ৮১ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে ‘জাগ লাড়কি’ নামের আর একটি জাহাজ ভারতের দিকে আসছে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে পারস্য উপসাগর এলাকায় হরমুজ প্রণালীর পশ্চিমে ২২টি ভারতীয় পতাকাবাহী জাহাজ অবস্থান করছে, যেখানে মোট ৬১১ জন নাবিক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত ভারতীয় জাহাজ বা নাবিকদের সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।