স্কুলে পরিষ্কার শৌচাগার না থাকার কারণে বহু পড়ুয়া, বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রীরা মাঝপথেই স্কুল ছাড়তে বাধ্য হয়। পড়ুয়াদের এই স্কুলছুট হওয়ার প্রবণতা রুখতে এবং মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে এবার দেশজুড়ে এক অভিনব উদ্যোগ নিল দেশের বৃহত্তম গোল্ড লোন এনবিএফসি (NBFC) মুথুট ফাইন্যান্স লিমিটেড (Muthoot Finance Limited)। সংস্থার প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত এম জি জর্জ মুথুটের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতের সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন এবং শৌচাগার নির্মাণে ১ কোটি টাকা বরাদ্দ করেছে সংস্থাটি। সেই সঙ্গেই শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও প্রবীণ নাগরিকদের কল্যাণে দেশজুড়ে আরও ১১টি সমাজকল্যাণমূলক প্রকল্প চালুর কথা ঘোষণা করা হয়েছে।
স্কুলের পরিকাঠামো উন্নয়ন
নয়া দিল্লির কর্পোরেট অফিস থেকে এই সিএসআর (CSR) বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পগুলির ঘোষণা করেন মুথুট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলেকজান্ডার জর্জ মুথুট। প্রকল্পের মূল লক্ষ্যই হল গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার স্কুলগুলিতে শৌচাগারের বেহাল দশা কাটানো। প্রয়োজন অনুযায়ী প্রতিটি স্কুলে এক থেকে চারটি শৌচাগার নির্মাণ বা সংস্কার করবে সংস্থা।
বিশেষত ছাত্রীদের ঋতুকালীন পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে, যাতে স্কুলে তাদের হাজিরা বাড়ে। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে ইতিমধ্যেই হরিয়ানার সোনিপথ জেলার বারৌলির একটি সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে নতুন টয়লেট ব্লক চালু করেছে সংস্থা, যার ফলে ওই স্কুলের প্রায় ৮০০ জন পড়ুয়া সরাসরি উপকৃত হয়েছে।
স্কলারশিপ থেকে কম্পিউটার ল্যাব
গত এক দশকে শিক্ষাক্ষেত্রে বিপুল অবদান রেখেছে মুথুট ফাইন্যান্স। পরিসংখ্যান বলছে, বিগত ১০ বছরে ১৩,৪১১ জনেরও বেশি মেধাবী ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য মোট ৩ কোটি ৭৫ লক্ষ টাকার স্কলারশিপ দিয়েছে সংস্থা।
শিক্ষার প্রসারে এই ধারা বজায় রেখেই এবার উত্তর দিল্লির বিভিন্ন স্কুলে অষ্টম ও নবম শ্রেণির ১০০ জন মেধাবী পড়ুয়াকে ‘মুথুট এম জর্জ এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে। পাশাপাশি ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ফিরোজাবাদে সাইকেল বিতরণ, গুজরাটের রাজকোটের স্কুলে ডিজিটাল কম্পিউটার ল্যাবরেটরি তৈরি, ভদোদরায় ক্লাসরুমের পরিকাঠামো উন্নয়ন এবং আহমেদাবাদের স্কুলগুলিতে ৫,০০০ পড়ুয়ার জন্য কেরিয়ার গাইডেন্সের বইপত্র বিলির মতো একাধিক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবীণ কল্যাণ ও স্বাস্থ্য পরিষেবা
কেবল স্কুল বা শিক্ষাক্ষেত্রই নয়, প্রবীণ নাগরিকদের সাহায্যেও এগিয়ে এসেছে সংস্থা। ফরিদাবাদ, গোরক্ষপুর ও ভোপালের বিভিন্ন বৃদ্ধাশ্রম ও কেয়ার হোমে প্রবীণদের চলাফেরার সুবিধার জন্য মোটরাইজড হুইলচেয়ার, এবং দৈনন্দিন কাজের সুবিধার জন্য রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের মতো দরকারি জিনিসপত্র দান করা হয়েছে। এছাড়াও ভোপালের মিসরোদ এলাকার একটি সরকারি স্কুলে ৭০০ পড়ুয়ার জন্য পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা এবং জয়পুরে পুরকর্মীদের সুরক্ষার জন্য সেফটি হেলমেট বিতরণ করা হয়েছে।
এই প্রসঙ্গে মুথুট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলেকজান্ডার জর্জ মুথুট বলেন, ‘আমাদের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত এম জি জর্জ মুথুট সবসময় বিশ্বাস করতেন যে, সমাজে পরিবর্তন আনার মূল চাবিকাঠি হলো শিক্ষা ও সমাজকল্যাণ। তাঁর সেই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করেই আমরা তৃণমূল স্তরে সমাজকল্যাণমূলক প্রকল্পগুলো ছড়িয়ে দিচ্ছি’। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিএসআর ও কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের জেনারেল ম্যানেজার রাকেশ মেহরা এবং অন্যান্য পদস্থ কর্তারা।