গরবা-ডান্ডিয়ায় মুসলিমদের নিষেধাজ্ঞা অসাংবিধানিক, বললেন কেন্দ্রীয় মন্ত্রী  

Garra Dandiya Photo-SNS

মহারাষ্ট্রে গরবা-ডান্ডিয়া অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশ বন্ধ করা নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দাবিকে ‘অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস অঠাওয়ালে। বুধবার ছত্তিসগড়ের রায়পুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতীয়র অন্য ধর্মের উৎসবে অংশ নেওয়ার অধিকার রয়েছে।

অঠাওয়ালের কথায়, ভারত সংবিধান অনুযায়ী পরিচালিত দেশ। সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা সংবিধান নিশ্চিত করেছে। তাই মুসলিমদের গরবা অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত নয়-এমন দাবি মেনে নেওয়া যায় না। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলের দেশের জন্য একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভারতের ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে আজমের শরিফে বহু হিন্দুর যাওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী।গরবা-ডান্ডিয়ায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার দাবিতে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা শুরু থেকেই এর বিরোধিতা করেছে। মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে অবশ্য ভিএইচপির দাবিকে সমর্থন করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের স্ত্রী অমৃতা ফড়ণবীসের বক্তব্য, উৎসব সকলের এবং মুসলিমরা তাতে অংশ নিলে আপত্তির কারণ নেই।


আগামী ১১ অক্টোবর থেকে নবরাত্রি শুরু। তার আগে বিশ্ব হিন্দু পরিষদের একটি দাবিকে ঘিরে বিতর্ক দানা বাঁধে মহারাষ্ট্রে। তাদের দাবি, গরবা-ডান্ডিয়া উৎসবে মুসলিমদের প্রবেশ করতে দেওয়া যাবে না। অনুষ্ঠানের আয়োজকদের কাছে বিশেষ গাইডলাইনও পাঠায় তারা। বলা হয়ে, যাঁরা গরবা-ডান্ডিয়ায় যোগ দিতে চান, তাঁদের সকলের কপালে তিলক থাকা আবশ্যিক। প্রবেশ করতে দেওয়ার আগে তাঁদের পরিচয়পত্র যাচাই করার কথাও বলা হয়।