দেড় কোটি টাকার কর বকেয়া, জয়ললিতার হায়দরাবাদের বাংলোয় তালা ঝোলাল পুরসভা

প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার হায়দরাবাদের বিলাসবহুল বাংলোয় তালা ঝুলিয়ে দিল গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা জিএইচএমসি। দীর্ঘদিন ধরে সম্পত্তি কর বকেয়া থাকার জেরে মঙ্গলবার এই কড়া পদক্ষেপ করে পুর কর্তৃপক্ষ। 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরে ওই সম্পত্তির কর মেটানো হয়নি। বকেয়ার পরিমাণ সুদ-সহ বেড়ে দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকা। অভিযোগ, ২০১৭ সালের পর থেকে নিয়মিত কর পরিশোধ করা হয়নি। গত কয়েক বছরে একাধিকবার নোটিস পাঠানো হলেও সম্পত্তির দেখাশুনো করেন যাঁরা, তাঁদের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষবারের মতো চূড়ান্ত নোটিস পাঠায় জিএইচএমসি। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও কর জমা না পড়ায় মঙ্গলবার আইন মেনে বাংলোর মূল ফটকে তালা লাগিয়ে দেন পুর আধিকারিকরা।পুর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এক সময় এই বাংলোটি আর্থিক তছরুপে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে লিজ দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই কর বকেয়া পড়তে শুরু করে।


জিএইচএমসি কমিশনার আর.ভি. কার্নান জানিয়েছেন, শহরের বড় মাপের কর খেলাপকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ৩১ মার্চের মধ্যে এই ধরনের সমস্ত বকেয়া আদায়ের লক্ষ্যে পদক্ষেপ করা হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই জয়ললিতার বাংলোয় তালা ঝোলানো হয়েছে।