বিদ্রোহী সাংসদদের সদস্যপদ খারিজ হয়নি কেন? সুপ্রিম কোর্টে মামলা করলেন অভিষেক

MP Abhishek Banerjee File Case Supreme Court Photo-SNS

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা এনসিপিআই দলে যোগ দিয়েছেন। তাই প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পিটিশন লোকসভার স্পিকার ওম বিড়লাকে জমা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সময় বিস্তর কেটে গেলেও ওই ২০ জন সাংসদের সদস্যপদ খারিজ করেননি ওম বিড়লা। তাই সোমবার ওম বিড়লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ জন সাংসদের বিরুদ্ধে কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না? কেন তাঁদের সাংসদ পদ খারিজ হবে না? এই প্রশ্নগুলি তুলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ।

এদিকে এই ২০ জন সাংসদকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। প্রাতঃরাশ থেকে শুরু করে নৈশভোজ করতে দেখা যাচ্ছে তাঁদের কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। আবার যখন সংসদে বক্তব্য রাখছেন তখন লোকসভা টিভির স্ক্রলে যাচ্ছে এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস। সুতরাং এই ২০ জন সাংসদ ঠিক কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই গত সপ্তাহে এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। এবার সোমবার অভিষেকের ওই মামলা শীর্ষ আদালতে দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এনসিপিআই-কে এখনও স্বীকৃতি দেননি ওম বিড়লা।

অন্যদিকে ওই ২০ জনের সাংসদপদ খারিজের দাবিতে বারবার স্পিকারের দ্বারস্থ হন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, ওই ২০ জন সাংসদ দাবি করেছেন, তাঁরা এনডিএ-কে সমর্থন করবেন। কিন্তু এখনও তাঁরা এনডিএ’র শরিক হতে পারেননি। বলা ভাল, তাঁদের এখনও এনডিএ’র শরিক করা হয়নি। এই বিষয়ে অভিষেকের বক্তব্য, ‘২০ জন সাংসদ মুখে দাবি করছেন তাঁরা এনসিপিআই। সংসদে তাঁরা যখন বক্তৃতা করছেন তখন তাঁদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস)। এটা কখনও হতে পারে না।’ কিন্তু কিছুতেই এই সাংসদদের সদস্যপদ খারিজ হচ্ছে না। এঁরা তৃণমূলের টিকিটে জিতেছেন। এখন অন্য দলে গিয়েছেন। সমর্থন করছেন এনডিএ-কে। তাই ১৯৮৫ সালের লোকসভা সদস্য নীতির ৬ নম্বর ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক বলে দাবি করেছেন অভিষেক।


তাছাড়া কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং শুনানিও হয়নি। অথচ ২০ জনের আসন বদল করা হলো। অবিলম্বে এই আসন বদলের ব্যবস্থা প্রত্যাহার করা হোক বলেও দাবি তুলেছেন অভিষেক। এসবের মধ্যে অভিষেকদের আসন বদল করা হয়েছে। তৃণমূলের প্রতীকে জিতে ২০ জন সাংসদ যেভাবে অন্য দলে যুক্ত হয়েছেন সেটাকে দলত্যাগ বিরোধী আইনের আওতায় এনে তাঁদের সাংসদপদ খারিজের দাবি জানানো হয়েছে। কিন্তু লোকসভার স্পিকার এখনও কোনও সিদ্ধান্ত নেননি। এই পরিস্থিতিতে এবার অভিষেক লোকসভার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দুয়ারে কড়া নাড়লেন। শুনানি হলে সবটা পরিষ্কার হবে।