জানুয়ারির প্রথম ১৫ দিনেই রাজধানীতে নিখোঁজ ৫০০-র বেশি মহিলা, উদ্বেগ বাড়াচ্ছে পরিসংখ্যান

চলতি বছরের প্রথম ১৫ দিনেই দিল্লিতে নিখোঁজ হয়েছেন ৫০০-র বেশি মহিলা। দিল্লি পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এই সময় নিখোঁজ মহিলাদের মধ্যে ১৪৬ জন নাবালিকা। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়, ১২ থেকে ১৮ বছর বয়সি কিশোরীর সংখ্যা ১৩৮ জন। পুলিশের নথিতে উঠে আসা এই তথ্য রাজধানীতে নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

দিল্লি পুলিশের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে রাজধানীতে মোট ৮০৭ জন নিখোঁজ হয়েছেন। তার মধ্যে ৫০৯ জনই মহিলা, যা মোট নিখোঁজের প্রায় দুই-তৃতীয়াংশ। অর্থাৎ, এই সময়ে প্রতিদিন গড়ে ৫৪ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে দৈনিক গড়ে ৩৪ জন মহিলা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। ৩০ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই নিখোঁজদের মধ্যে ২৩৫ জনকে উদ্ধার করা গেলেও বাকি ৫৭২ জনের এখনও কোনও খোঁজ মেলেনি।

সংবাদসংস্থা জানিয়েছে, বছরের প্রথম ১৫ দিনে নিখোঁজদের মধ্যে ১৯১ জনই নাবালক। অর্থাৎ, প্রতিদিন গড়ে ১৩ জন করে শিশু নিখোঁজ হয়েছে। এই নাবালকদের মধ্যে ১৪৬ জনই নাবালিকা ও কিশোরী। ১২-১৮ বছর বয়সি নিখোঁজ কিশোর-কিশোরীর সংখ্যা ১৬৯ জন, যার মধ্যে ১৩৮ জনই কিশোরী এবং ৩১ জন কিশোর। ৩০ জানুয়ারি পর্যন্ত হিসাবে, এই বয়সের উদ্ধার হওয়া কিশোর-কিশোরীর সংখ্যা মাত্র ৪৮ জন। ফলে প্রায় ৭১ শতাংশ এখনও নিখোঁজ।


এই সময়ে ৮-১২ বছর বয়সি ১৩ জন শিশু নিখোঁজ হয়েছে, যার মধ্যে আট জন ছেলে ও পাঁচ জন মেয়ে। উদ্ধার করা গিয়েছে মাত্র তিন জনকে। পাশাপাশি, আট বছরের কম বয়সি নয় জন শিশু নিখোঁজ হয়েছিল, তাদের মধ্যে তিন জনকে পাওয়া গেলেও ছ’জন এখনও নিখোঁজ।

গত বছরে দিল্লিতে মোট ২৪,৫০৮ জন নিখোঁজ হওয়ার অভিযোগ নথিভুক্ত হয়েছিল। তাঁদের মধ্যে ১৪,৮৭০ জন ছিলেন মহিলা। পুলিশ জানিয়েছে, ১৫,৪২১ জনকে উদ্ধার করা গেলেও ৯,০৮৭ জনের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি।