বাংলার জন্য বিশেষ পরিকল্পনা বিজেপির

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে একাধিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। বাংলার জন্য বিশেষ আর্থিক ও শিল্প সংক্রান্ত ঘোষণার প্রস্তুতিও শুরু হয়েছে বলে সূত্রের খবর। শুধু শিল্প নয়, পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদকেও কাজে লাগিয়ে রাজ্যের অর্থনীতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হবে বলে দাবি গেরুয়া শিবিরের।

শনিবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৈঠকে বাংলার প্রাকৃতিক সম্পদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অশোকনগর ও রানাঘাট এলাকায় তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজ এবং পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেলের ভাণ্ডার নিয়েও আগ্রহ দেখিয়েছে কেন্দ্র।

এদিনের বৈঠকে বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়েও আলাদা করে খোঁজ নেন নির্মলা সীতারামন। সরকারি সূত্রের দাবি, নদিয়ায় একটি বৃহৎ ‘টেক্সটাইল হাব’ গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হতে চান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিজে। এই প্রকল্পে বিদেশি বিনিয়োগ বা এফডিআই আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।


বৈঠকের পর শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে, এবার মূল চ্যালেঞ্জ জমি। সেই কারণেই নতুন সরকার জমি নীতিতে পরিবর্তনের পরিকল্পনা করছে। তিনি আরও জানান, বাংলার প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবগত এবং এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

বিজেপির অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বিপুল ঋণের বোঝা বেড়েছে রাজ্যের উপর। তাই ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রের কাছে বিশেষ আর্থিক সহায়তার দাবি জানিয়ে আসছে নতুন সরকার। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর  বৈঠকেও এই বিষয়টি উঠে আসে বলে সূত্রের খবর।

একইভাবে শনিবার নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকেও বাংলার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের প্রসঙ্গ আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, আগামী মাসেই পশ্চিমবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সফরে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি সূত্রে আরও দাবি, নির্মলা সীতারামনের বঙ্গ সফরের আগেই রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করে ফেলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।