বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সমাজমাধ্যমে বেশ কিছু বার্তা পোস্ট করে তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে ভারত উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। বিশেষ করে বনাঞ্চলের বৃদ্ধি ঘটেছে, জীববৈচিত্র্যের সংরক্ষণে কাজ হয়েছে এবং বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একে সরকারের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।
মোদীর বক্তব্য, সম্মিলিত প্রচেষ্টা, দৃঢ় নীতি, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা এবং উদ্ভাবনের মধ্যে দিয়ে পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবেশ সংরক্ষণে সক্রিয় ব্যক্তি ও সংগঠনগুলির প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, বিশ্ব পরিবেশ দিবস শুধু উদযাপনের দিন নয়, বরং প্রকৃতিকে রক্ষার অঙ্গীকার করতে হবে।
ভারতের সমৃদ্ধ জীববৈচিত্র্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, তুষার চিতা, স্লথ ভালুক এবং চিতার মতো প্রজাতি সংরক্ষণে ধারাবাহিক উদ্যোগে ইতিবাচক ফল হয়েছে। এছাড়া ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই উদ্যোগ প্রতি বছর বিপুল পরিমাণ নতুন বনভূমি সৃষ্টিতে সাহায্য করছে। একই সঙ্গে ‘মিশন লাইফ’-এর মাধ্যমে পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার কথাও তিনি তুলে ধরেন।