ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদীর ফোনে কথা, আলোচনার মূল বিষয় হরমুজ

Photo: Representational Image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সন্ধ্যায় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নিয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে মতবিনিময় হয়। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজের অবাধ যাতায়াতের বিষয়টির উপরেও বিশেষ গুরুত্ব দেন মোদী।

প্রধানমন্ত্রী এদিন ভারতের অবস্থান স্পষ্ট করে পেজেশকিয়ানকে বলেন, ইরান ও আমেরিকার মধ্যে আলোচনার সিদ্ধান্তকে ভারত স্বাগত জানায়। তাঁর মতে, যে কোনও আন্তর্জাতিক সমস্যার সমাধান সংঘাত নয়। বরং আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই হওয়া উচিত। পরে সমাজমাধ্যমে মোদী লেখেন, আলোচনা ও নিরন্তর প্রচেষ্টার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা হতে পারে।

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজের নিরাপদ ও বাধাহীন চলাচল এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


একই সঙ্গে তিনি শুধু ভারতের নয়, বিশ্বের সব দেশের জন্যই আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতার পক্ষে সওয়াল করেন।আগামী ৫ থেকে ৯ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে মোদীকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।