খামেনির মৃত্যুর পর মোদী–ম্যাক্রোঁর ফোনালাপ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভারতের তরফে খামেনির মৃত্যুতে শোক প্রকাশের পরই এই ফোনালাপ হয়। প্রধানমন্ত্রী এক্সে জানান, পশ্চিম এশিয়ার বর্তমান অস্থিরতা নিয়ে দুই নেতাই উদ্বিগ্ন। চলমান সামরিক সংঘাত বন্ধ করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দেন তাঁরা। দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারত ও ফ্রান্স যৌথভাবে কাজ করবে বলেও উল্লেখ করেন মোদী।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরানকে ঘিরে উত্তেজনা চরমে। আমেরিকা ও ইজরায়েলের হামলা, তার জেরে খামেনির মৃত্যু এবং পরবর্তীতে ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে ভারতের কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেছেন মোদী।
যুদ্ধের শুরু থেকেই ভারত ও ফ্রান্স কোনও পক্ষ না নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। দুই দেশই স্পষ্ট করেছে, সামরিক সমাধান নয়—সংলাপই একমাত্র পথ। বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থানই ফের সামনে এল মোদী–ম্যাক্রোঁ ফোনালাপে।