কাশ্মীরে ধৃত হিজবুল জঙ্গিগোষ্ঠীর স্লিপার সেলের সদস্য

প্রতীকী চিত্র

জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সির (এসআইএ) অভিযানে ধরা পড়ল হিজবুল মুজাহিদিনের ‘স্লিপার সেল’-এর এক সদস্য। শনিবার সোপিয়ান থেকে গ্রেপ্তার করা হয় স্থানীয় বাসিন্দা আলতাফ হুসেন ওয়াগাকে। যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের ‘ওভার-গ্রাউন্ড ওয়ার্কার’ (ওজিডাব্লিউ) হিসেবে সক্রিয় ছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের।

এসআইএ সূত্রে জানা গিয়েছে, আলতাফ নিয়মিতভাবে জঙ্গিদের নগদ সাহায্য, আশ্রয় ও তথ্য সরবরাহ করতেন। তদন্তকারীদের দাবি, একটি পুরনো মামলার সূত্র ধরেই তাঁর নাম উঠে আসে। সেই মামলার নথি ঘেঁটে তাঁর পাকিস্তান-নিয়ন্ত্রিত হ্যান্ডলারদের সঙ্গে যোগসূত্র মিলেছে।

পুলিশের এক আধিকারিক বলেন, “আলতাফ দেশবিরোধী প্রপাগান্ডা ছড়ানো থেকে শুরু করে জঙ্গি কার্যকলাপ সমর্থন—সবেতেই সরাসরি যুক্ত ছিলেন। তাঁর হ্যান্ডলারদের নির্দেশেই তিনি উপত্যকায় একাধিক কাজ করছিলেন।”


প্রসঙ্গত, পাহেলগাঁও হত্যাকাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারি জোরদার করেছে সেনা ও পুলিশ। সম্প্রতি শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ তিন জঙ্গিকে নিকেশ করার পর কুলগাঁও জেলার অখল এলাকায় শুরু হয়েছে ‘অপারেশন অখল’।

উরিতে অনুপ্রবেশ রুখতে গিয়ে গত ১২ আগস্ট বারামুলা সেক্টরে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। এই ঘটনার পর থেকে উপত্যকার সীমান্তবর্তী এলাকায় টহল ও তল্লাশি আরও বাড়ানো হয়েছে।

তদন্তকারীদের ধারণা, আলতাফের কাছ থেকে পাওয়া তথ্য হিজবুলের সক্রিয় নেটওয়ার্ক এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত জঙ্গি চক্রকে চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।