মণিপুরে জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে মোট ৮ জন সক্রিয় জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেংনৌপাল ও ইম্ফল পূর্ব জেলা থেকে এই জঙ্গিদের গ্রেপ্তার করা হয়। সীমান্তবর্তী এলাকায় লাগাতার তল্লাশি চালিয়ে এই সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী।
তেংনৌপাল জেলার মোরে থানা এলাকার ৭৩ থেকে ৭৫ নম্বর সীমান্ত স্তম্ভের মধ্যে অভিযান চালিয়ে পাঁচ জঙ্গিকে ধরা হয়। এরা বিভিন্ন উপত্যকা ভিত্তিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে থাংজাম অশোক কুমার সিংহ, লৈশ্রম নিপামাচা সিংহ, থাংজাম মানিমাতুম মেইতেই, লৈশ্রম ইনাও সিংহ এবং চিংগাংবাম শক্তি সিংহ।
অন্য তিন জনকে ইম্ফল পূর্ব জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
এদিকে সেনাপতি জেলার একটি অগ্নিসংযোগের ঘটনায়ও বড় সাফল্য পেয়েছে পুলিশ। কাভিনাম গ্রামে ট্রাকে আগুন লাগানোর ঘটনার মূল অভিযুক্ত রামায়ো ভাশুমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি গাড়ি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
আরেকটি অভিযানে ইম্ফল পূর্ব জেলা থেকে সাগোলশেম বোইচা সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। সন্দেহভাজনদের গতিবিধি নিয়ন্ত্রণে ১১৬টি নাকা ও চেকপোস্ট বসানো হয়েছে।
এছাড়া জাতীয় সড়ক ধরে চলাচলকারী পণ্যবাহী গাড়িগুলিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশ সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে। ভুয়ো ভিডিও বা তথ্য ছড়ালে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।