নৌবাহিনীতে আসছে ‘মালভান’, বাড়বে ভারতের সাবমেরিন প্রতিরোধ ক্ষমতা 

File Photo (প্রতীকী ছবি)

ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বাড়তে চলেছে। আগামী ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত হতে চলেছে মাহে-শ্রেণির দ্বিতীয় অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ‘মালভান’। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই দেশীয় যুদ্ধজাহাজ উপকূলের অগভীর জলসীমায় শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

কেরলের কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজ। এতে ৮০ শতাংশের বেশি দেশীয় প্রযুক্তি ও উপাদান ব্যবহার করা হয়েছে। নৌবাহিনীর মতে, ‘মালভান’-এর অন্তর্ভুক্তি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার বড় উদাহরণ।

কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। অনুষ্ঠানে নৌবাহিনীর শীর্ষ আধিকারিক এবং কোচিন শিপইয়ার্ডের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। মাহে-শ্রেণির এই যুদ্ধজাহাজ আকারে ছোট হলেও অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন ও কার্যকর। উন্নত সেন্সর, নজরদারি ব্যবস্থা ও সাবমেরিন শনাক্তকরণ প্রযুক্তির সাহায্যে এটি উপকূলীয় এলাকায় শত্রুর গতিবিধির উপর নজর রাখতে পারবে।


নৌবাহিনীর দাবি, ‘মালভান’-এর মতো জাহাজ ভারতীয় জলসীমার নিরাপত্তা আরও শক্তিশালী করবে। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে সাবমেরিন মোকাবিলায় এই যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, মাহে-শ্রেণির প্রথম যুদ্ধজাহাজ ‘আইএনএস মাহে’ ২০২৫ সালের নভেম্বরে নৌবাহিনীতে যুক্ত হয়েছিল। এবার ‘মালভান’-এর অন্তর্ভুক্তির মাধ্যমে দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের যুদ্ধজাহাজের সংখ্যা আরও বাড়বে।