নিট কাণ্ডে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

Photo: ANI

নিট প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদের আঁচ দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। এই আন্দোলনগুলিতে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর পুলিশকে নির্দেশ দিয়েছে, এই মামলাগুলি দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি, তদন্তের জন্য আর কোনও ছাত্রকে থানায় ডেকে পাঠানো যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বেও রয়েছেন, তিনি এই নির্দেশ দিয়েছেন। এর আগেও তিনি ছাত্রদের বিরুদ্ধে হওয়া মামলাগুলি প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন। স্বরাষ্ট্র দপ্তরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দ্রুত চার্জশিট জমা দিয়ে কয়েক সপ্তাহের মধ্যেই আদালতের অনুমতি নিয়ে মামলাগুলি প্রত্যাহারের আবেদন করা হবে। সরকারের মতে, এই সিদ্ধান্তের ফলে ছাত্রদের ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হবে না। বিশেষ করে, যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, তাদের ভিসা বা ভর্তি প্রক্রিয়ায় কোনও আইনি বাধা থাকবে না।

সরকার আরও জানিয়েছে, এই মামলাগুলির নিষ্পত্তি অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। অন্যান্য মামলার মতো দীর্ঘ প্রক্রিয়ার বদলে জেলা বা শহরস্তরের কমিটির মাধ্যমে দ্রুত আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানানো হবে। প্রশাসনের তথ্য অনুযায়ী, বেশিরভাগ মামলাই ১৪৪ ধারা ভঙ্গ বা নিষেধাজ্ঞা অমান্যের মতো ছোটখাটো অভিযোগ রয়েছে। কোথাও কোনও হিংসা, ভাঙচুর বা প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। এছাড়া খুব কম সংখ্যক ছাত্রের নামে এফআইআর রয়েছে। শুধু মুম্বাইতেই ১৭টি এফআইআর দায়ের হয়েছে। পুনে, নাগপুর ও ছত্রপতি সম্ভাজিনগরে মামলার সংখ্যা আরও কম।


আরও পড়ুন: মাঝআকাশে তীব্র টার্বুলেন্স, ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত ১২

স্বরাষ্ট্র দপ্তরের কর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী এফআইআর সরাসরি বাতিল করা যায় না। তাই আদালতের অনুমতি নিয়ে মামলাগুলি প্রত্যাহার করতে হবে। আসামও বিহার-সহ অন্যান্য রাজ্যেও একই ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তে আন্দোলনে অংশ নেওয়া বহু ছাত্রছাত্রী স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।