দুর্ঘটনার কবলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, কোনও রকমে রক্ষা পেলেন মোহন যাদব

একটুর জন্য রক্ষা পেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মাটিতে হেলিকপ্টার মুখ থুবড়ে পড়ার আগেই কোনও রকমে সামলে নেন পাইলট। রবিবার ঘটনাটি ঘটেছে। মধ্যপ্রদেশের খান্ডোয়ায় একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখান থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।

রবিবার খান্ডোয়া জেলার পন্ধনা এলাকায় ‘লাডলি বেহেন প্রকল্পের’ এক কর্মসূচিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। সেখান থেকে হেলিকপ্টারে করে ফিরছিলেন। কপ্টার মাটি ছাড়তেই শুরু হয় সমস্যা। সামনের দিকে না গিয়ে হেলিকপ্টার পিছনের দিকে যেতে শুরু করে। কাত হয়ে কার্যত মাটি ছুঁয়ে ফেলে সেটি। একেবারে শেষ মুহূর্তে কোনওমতে হেলিকপ্টারটি সামলে নেন চালক। এই পরিস্থিতিতে ধুলোয় ঢেকে যায় চারপাশ। কয়েক সেকেন্ড পর পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হন পাইলট। স্বাভাবিক অবস্থায় ফেরে হেলিকপ্টারটি। রওনা দেয় গন্তব্যের উদ্দেশে।

যান্ত্রিক ত্রুটি না কি অস্থায়ী হেলিপ্যাডে কোনও সমস্যা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি মহারাষ্ট্রের বারামতিতে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় অজিত পাওয়ার-সহ ৫ জনের।