মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১০ জনের। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। আহত হয়েছেন ৩৫ জনেরও বেশি, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় মুখ্যমন্ত্রী মোহন যাদবের একটি জনসভা ছিল। সেই সভা থেকে ফেরার সময় একটি যাত্রীবোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। নাগপুরের সিমারিয়ার কাছে একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটিতে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঘটনার পর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী এক বার্তায় এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। পরিস্থিতির উপর কড়া নজর রাখতে ভোপালে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। পাশাপাশি আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন।