তিন দিনের সরকারি সফরে ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে স্ত্রী ব্রিজেতকে সঙ্গে নিয়ে তিনি মুম্বাই বিমানবন্দরে নামেন। সেখানে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং রাজ্যপাল আচার্য দেবরাট। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার সময়ই বিমানের জানলা থেকে তোলা একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন ম্যাক্রোঁ।
তিনি লেখেন, ভারত-ফ্রান্স সম্পর্ককে আরও গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে এই সফর। পোস্টে প্রধানমন্ত্রী মোদীকে ‘আমার প্রিয় বন্ধু’ বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সকালে ফরাসি প্রেসিডেন্টের ওই পোস্ট শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ম্যাক্রোঁকে ভারতে স্বাগত জানান তিনি। মোদীও ফ্রান্সের প্রেসিডেন্টকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে লেখেন, ‘মুম্বই এবং পরে দিল্লিতে দেখা হচ্ছে।‘
মঙ্গলবার মুম্বাইয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে বলে খবর। প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও কৌশলগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে ফরাসি সংস্থা দায়ো অ্যাভিয়েশনের তৈরি রাফায়েল যুদ্ধবিমান কেনার বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে। সম্প্রতি অতিরিক্ত ১১৪টি রাফাল কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ‘ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড’। ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকা দিয়ে ১১৪টি রাফাল কিনতে চলেছে ভারত। এই রাফাল চুক্তির বিষয়েও মোদী এবং মাক্রোঁর কথা হতে পারে।
মুম্বাইয়ের পর দিল্লি যাবেন ম্যাক্রোঁ। বুধবার এবং বৃহস্পতিবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার পর এটি তাঁর চতুর্থ ভারত সফর। এর আগে ২০১৮, ২০২৩ ও ২০২৪ সালে তিনি ভারতে এসেছিলেন। ২০১৮ সালে প্রথমবার প্রেসিডেন্ট হয়ে ভারতে আসেন। এরপর ২০২৩ সালে জি২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন এবং ২০২৪ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন।