গঙ্গার বুকে নৌকায় মদ ও মাংসের আসর, বারাণসীতে ৫ জন গ্রেপ্তার

বারাণসীতে গঙ্গা নদীর মাঝখানে একটি নৌকায় মদ্যপান ও মাংস রান্নার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ওপর ভিত্তি করে পুলিশ অভিযান চালিয়ে ৫ জন যুবককে গ্রেপ্তার করেছে এবং নৌকাটিকেও বাজেয়াপ্ত করেছে।  পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে দশাশ্বমেধ ঘাটের কাছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে গঙ্গার বুকে একটি নৌকায় কয়েকজন যুবক বসে রয়েছেন। নৌকাতেই মুরগির মাংস রান্না হচ্ছে এবং সেই সঙ্গে চলছে মদ্যপানও। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং দ্রুত তদন্ত শুরু করে পুলিশ।

এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দীপক কুমার, অজয় সাহানি, অরুণ কুমার সাহানি, অনুরাগ নিষাদ এবং রাহুল সাহানিকে। তাঁদের সকলের বাড়ি বারাণসীর রামনগর এলাকায়। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 


দশাশ্বমেধের এসিপি অতুল রঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরই পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এটি শীতকালে তোলা একটি পুরনো ভিডিও। কারণ ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের শীতের পোশাক পরা অবস্থায় দেখা গিয়েছে।

পুলিশ নৌকাটিকে বাজেয়াপ্ত করেছে এবং এর মালিকানা কার তাও খতিয়ে দেখা হচ্ছে। সমাজমাধ্যমে নৌকাটির সঙ্গে এক স্থানীয় বিজেপি নেতার যোগসূত্র থাকার দাবি উঠলেও, সেই বিষয়ে এখনো কোনও সরকারি তথ্য নিশ্চিতভাবে পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, বারাণসীর কিছু এলাকায় মাছ-মাংস বিক্রির উপর বিধিনিষেধ নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে গঙ্গা নদীর বুকে মদ-মাংসের আসরের অভিযোগ নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।  পুলিশ জানিয়েছে, জনসাধারণের মনে বা বিশ্বাসে আঘাত লাগে এমন কোনও কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এই ধরণের ঘটনা রুখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং নিয়ম ভাঙলে পুলিশ-প্রশাসনের তরফে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে