১৬ বছরেই সাবালক হিসেবে গণ্য করা হোক নাবালকদের! মত কেরালা হাইকোর্টের

File Photo

নাবালকদের অপরাধের ক্ষেত্রে আইনি বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার বিষয়টি বিবেচনা করা উচিত বলে পর্যবেক্ষণ কেরালা হাইকোর্টের। বর্তমান সময়ে ১৬ বছর বয়সেই অধিকাংশ ছেলেমেয়েরা সাবালক হয়ে যায়। তাই নাবালক বিচার আইনে প্রয়োজনীয় সংশোধনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিচারপতি বদরুদীন।

লাইভ ল’ (LiveLaw)-এর প্রতিবেদন অনুযায়ী, বিচারপতির কথায়, বর্তমান পরিস্থিতি ও শিশুদের মানসিক দিকের বিষয়টি মাথায় রাখতে হবে। সেই মতো আইনসভাকে নাবালক ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের বয়সসীমা ১৬ বছর করার বিষয়টি বিবেচনা করতে হবে।

কেরালা আবগারি আইনের ১৫এ ও ১৫বি ধারা অনুযায়ী, ২৩ বছরের কম বয়সিদের কাছে মদ বিক্রি ও পরিবেশন নিষিদ্ধ। এই নিয়ম কার্যকর করতে আবগারি দপ্তরের আধিকারিক ও লাইসেন্সপ্রাপ্ত বারগুলির দায়বদ্ধতা নিশ্চিত করার দাবিতে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ আদালতের।


সম্প্রতি নেডুম্বাসেরিতে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার প্রসঙ্গও উঠে আসে শুনানিতে। অভিযোগ, ১৯ বছর বয়সি এক যুবক মদ্যপ অবস্থায় মিনি কুপার গাড়ি চালাচ্ছিলেন। সেই গাড়ির ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়। আবেদনকারীর দাবি, ১৮ বছরের কম বয়সি তরুণদের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর ঘটনাও সামনে এসেছে।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আদালত মামলাটির বিস্তারিত শুনানির নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি ২৩ বছরের কম বয়সিদের কাছে মদ বিক্রি বন্ধ করতে আবগারি আইনের বিধি কার্যকর করার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে আবগারি কমিশনারকে রিপোর্ট জমা দিতে বলেছে।

আরও পড়ুন: রামলীলা ময়দানে জমায়েতের ঊর্ধ্বসীমা ৫০ হাজার, বিক্ষোভের সময় বেঁধে দিল দিল্লি পুলিশ

তবে আদালতের এই পর্যবেক্ষণ কোনও চূড়ান্ত রায় নয়। নাবালক সংক্রান্ত আইনে বয়সসীমা পরিবর্তনের জন্য আইনসভার সিদ্ধান্ত প্রয়োজন।