আইআইটি ক্যাম্পাসে ঢুকল চিতাবাঘ, হাড়হিম ঘটনা ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

দেশের অন্যান্য আইআইটি ক্যাম্পাসগুলির মধ্যে আইআইটি-বোম্বে ক্যাম্পাস অনেক বেশি জনপ্রিয়। এখানের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ফলাফল চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে আইআইটি-বোম্বে ক্যাম্পাসকে। এবার সেখানে ঘটে গেল এক হাড়হিম ঘটনা। সেখানে মাঝরাতে ঢুকে পড়ল একটি চিতাবাঘ। আর সেখানে থাকা এক কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং মেরে খেলল। এমনই হাড়হিম করা ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটলেও তা বিশেষ কেউ টের পাননি। ওই কুকুরের জায়গায় যদি কোনও মানুষ থাকত তাহলে বেঘোরে প্রাণ যেত বলেই মনে করছেন অনেকে। এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইআইটি-বোম্বে ক্যাম্পাসে। আলোড়ন পড়ে গিয়েছে এই ঘটনায়। এমনকী এটা যদি নিরাপত্তার বহর হয় তাহলে মানুষ সেখানে কতটা সুরক্ষিত? উঠছে প্রশ্ন। শুক্বার মাঝরাতের এই ঘটনা সিসিটিভি না দেখলে বোঝাই যেত না। এক অধ্যাপক ওই সিসিটিভি ফুটেজ দেখে মনে করেছিলেন, একটি বড় আকারের বনবিড়াল এসে কুকুরটিকে টেনে নিয়ে গিয়ে নিকটবর্তী জঙ্গলে মেরে ফেলেছে।

 


কিন্তু যখন সরেজমিনে ওই ফুটেজ দেখা তখন গোটা বিষয়টি সামনে আসে। সেখানে দেখা যায়, রাতে ওই কুকুরটি সেখানে এসেছিল। কিন্তু সেখানে এসে বেরতে গিয়ে বিপদে পড়ে। কারণ ততক্ষণে ওই পূর্ণবয়স্ক চিতাবাঘ সেখানে চলে আসে। নিজেকে বাঁচাবার অনেক চেষ্টা করে কুকুরটি। কিন্তু ওই চিতাবাঘটি মুখে করে নিযে কুকুরটিকে জঙ্গলে চলে যায়। আর সেখানেই মেরে ফেলে। এই ভিডিও দেখার পর অনেকের হাড়হিম হয়ে যায়। এই ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

এই ভিডিও দেখার পর আইআইটি-বোম্বে ক্যাম্পাসের ছাত্রছাত্রী, স্টাফ এবং স্থানীয় বাসিন্দারা শিউরে উঠেছেন। অনেকে তো রাতে আর বাইরে বের হবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমনকী যাঁদের বাড়িতে পোষ্য আছে তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন। সত্যিই কি এসেছিল চিতাবাঘ? এই প্রশ্ন অনেকেরই। এই বিষয়ে বন্যপ্রাণী ওয়ার্ডেন এবং ‘র’ স্বেচ্ছাসেবি সংস্থার প্রতিষ্ঠাতা পবন শর্মা ওই ভিডিওটি সরেজমিনে দেখেন। আর তারপর সংবাদমাধ্যমে বলেন, ‘চিতাবাঘই এসেছিল। আর সেটা কোনও অস্বাভাবিক বিষয় নয়। কারণ আইআইটি-বোম্বে ক্যাম্পাসের কাছেই অবস্থিত সঞ্জয় গান্ধী ন্যাশানাল পার্ক। যেখানে বড় বড় চিতাবাঘ রয়েছে। সুতরাং সেখান থেকে আসতেই পারে।’