ভারতীয় নাগরিকত্ব ছাড়লেন ললিত মোদী! ১৫ সেপ্টেম্বর থেকে ব্রিটিশ নাগরিক, সমাজমাধ্যমে ঘোষণা আইপিএল প্রতিষ্ঠাতার

দীর্ঘদিন আগেই দেশ ছেড়েছিলেন। এবার ছাড়লেন ভারতীয় নাগরিকত্বও। নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন, আর ভারতীয় নন ললিত মোদী। এখন থেকে তিনি ব্রিটেনের নাগরিক। এই নতুন পরিচয়কে নিজের জীবনের গর্বের ও গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন আইপিএলের প্রতিষ্ঠাতা।

ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তম প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদী। তাঁর হাত ধরেই ক্রিকেটের বাণিজ্যিক দুনিয়ায় নতুন দিগন্ত খুলেছিল। তবে সাফল্যের পাশাপাশি তাঁকে ঘিরে তৈরি হয়েছিল একাধিক বিতর্ক। আইপিএলে কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। জারি হয় গ্রেফতারি পরোয়ানাও। কিন্তু তদন্ত ও আইনি পদক্ষেপের মুখোমুখি হওয়ার আগেই ২০১০ সালে দেশ ছেড়ে ব্রিটেনে চলে যান তিনি।

তার পর থেকে দীর্ঘ সময় ধরে ব্রিটেনেই রয়েছেন ললিত মোদী। তাঁকে দেশে ফেরাতে একাধিকবার প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। তবে এখনও পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি। এবার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ায় তাঁকে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আরও জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।


 

 

 

গত ১৪ নভেম্বর সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করে নিজের নতুন নাগরিকত্বের কথা প্রকাশ্যে আনেন ললিত মোদী। তাঁর দাবি, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকেই তিনি আনুষ্ঠানিক ভাবে ব্রিটিশ নাগরিক। গতকাল অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়েও ব্রিটেনের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক এবং নাগরিকত্ব পাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

পোস্টে ললিত মোদী লেখেন, “ব্রিটিশ নাগরিক হওয়া আমার কাছে যেমন সৌভাগ্যের, তেমনই দায়িত্বেরও। গর্ব ও শ্রদ্ধার সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি।” নতুন দেশের জন্য ইতিবাচক অবদান রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন আইপিএলের এই প্রতিষ্ঠাতা। এদিকে তাঁর নাগরিকত্ব বদলের ঘোষণাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।