অফ রোড রাইডিং নিয়ে বড় পদক্ষেপ লাদাখ প্রশাসনের, ঘাড়ে চাপবে বড় অঙ্কের জরিমানার অঙ্ক

লাদাখে  অফ রোড ড্রাইভিং এবং পর্যটকদের গাড়ি নিয়ে অহেতুক ড্রাইভ করা নিয়ে এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে জম্মু প্রশাসন। আশা করা হচ্ছে এর ফলে লোকজনের মধ্যে কমবে এই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রবণতা। কারণ এই ধরনের রাইডিংয়ে এলাকার পাশাপাশি পর্যটকদের নিজেদেরও প্রাণের ঝুঁকি থাকে। সেই সঙ্গে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে সেখানকার বসবাসকারী প্রাণীরা। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় বাস্তুতন্ত্রও।

 

আসলে লাদাখের একাধিক সংবেদনশীল এলাকায় এই জাতীয় অফ রাইডিংয়ের জন্য ভয়ানক ক্ষতি হয়েছে। সংবেদনশীল বলতে এখানে প্রাকৃতিকভাবে সংবেদনশীল বোঝানো হয়েছে। আর এই জাতীয় রাইডিংয়ে সামিল হয়েছিলেন একাধিক পর্যটকও। সম্প্রতি  লাদাখের লেফট্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা জানিয়েছেন এবার থেকে বিনা অনুমতিতে এই জাতীয় রাইড করা হলে চালকদের থেকে মোটা অঙ্কের জরিমানা নেওয়া হবে। আর এই জরিমানার ভয়েই পর্যটকেরা এই কাজ করা থেকে বিরত থাকবেন।


 

গত ২৬ জুন  লাদাখের বনদফতর চার পর্যটককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছিল। কারণ তারা এই অফ রোড রাইডিংয়ের কাজ করেছিল। এর ফলে ভয়ানক ক্ষতির মুখে পড়ে বন্যপ্রাণ। জানা গিয়েছে ওই চার পর্যটক ছিলেন যথাক্রমে হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, পঞ্জাব ও উত্তর প্রদেশের।  তারা সকলেই প্যাংগং লেক এলাকায় গাড়ি চালাচ্ছিলেন। যা আইনবিরুদ্ধ। এছাড়াও লাদাখের আরও একাধিক জায়গা রয়েছে বিশেষ করে চাংথাং ও নুবরা এলাকাতে গাড়ি চালাচ্ছিলেন। সেই সকল এলাকাতে বিনা অনুমতিতে এই অফ রোড রাইডিং করেছিলেন তারা। আর সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

ওই চারজনের থেকে জরিমানা বাবদ ২ লক্ষ টাকা গ্রহণ করেছে বনদপ্তর। তা ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্ত এলাকা মেরামতিতে। পাশাপাশি মনে করা হচ্ছে এর ফলে লোকজনের মধ্যে এই প্রবণতা কমবে।  প্রসঙ্গত লাদাখের এই এলাকা শ্যুটিংয়ের জন্য অত্যন্ত বিখ্যাত। একাধিক জনপ্রিয় সিনেমার শ্যুটিং হয়েছে এই জায়গাতে।  তবে আগামীতে এই কাজ এই এলাকাতে করা যাবে কি না তা নিয়েও উঠেছে প্রশ্ন।

 

লাদাখের বুকে অফ রোড রাইডিং অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের। কিন্তু তার জন্য বারংবার ক্ষতির মুখে পড়েছে সেখানকার প্রাণী। ক্ষতি হয়েছে সেখানকার পরিবেশ। সেই প্রাকৃতিক সৌন্দর্য যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো প্রাণীর প্রাণসংশয় যাতে না ঘটে সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।