কেরলের কোচিতে ফের সামনে এল মাদক চক্রের ভয়াবহ চিত্র। ‘ড্রাগ লেডি’ নামে পরিচিত রিন্সি মুমতাজকে আবারও গ্রেপ্তার করল পুলিশ। তদন্তে উঠে এসেছে, তরুণ অভিনেতা ও শুটিং সেটে মাদক সরবরাহের সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ থাকতে পারে। গ্রেপ্তার হওয়া অন্য অভিযুক্তরা হল অভিজিৎ পুরুষোত্তমন, শেলজু এবং মহম্মদ রিশাদ। তাদের কাছ থেকে প্রায় সাড়ে তিন গ্রাম নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। হোটেলের একটি ঘর থেকেই এই চক্রটি পরিচালিত হচ্ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দরের কাছে একটি হোটেল থেকে রিন্সিকে তাঁর তিন সহযোগীসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে যৌথভাবে অভিযান চালায় জেলা মাদকবিরোধী দল এবং নেদুম্বাসেরি থানার পুলিশ। তল্লাশিতে জামাকাপড়ের ভিতরে লুকিয়ে রাখা ছোট প্যাকেটে মাদক উদ্ধার হয়। পাশাপাশি মাদক সেবনের জন্য ব্যবহৃত সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
তদন্তে আরও জানা গিয়েছে, কোচিতে দীর্ঘদিন ধরেই একটি সংগঠিত মাদক চক্র সক্রিয় রয়েছে। সেই চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রিন্সির। অভিযোগ, তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির কাছে নিয়মিতভাবে মাদক সরবরাহ করতেন।
উল্লেখ্য, এর আগেও একই ধরনের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন ‘ড্রাগ লেডি’ রিন্সি। কিন্তু ফের একই অভিযোগে গ্রেপ্তার হওয়ায় তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশের দাবি, সামাজিক মাধ্যমে পরিচিতি এবং চলচ্চিত্র সংক্রান্ত প্রচারের কাজকে আড়াল হিসেবে ব্যবহার করতেন রিন্সি। সেই সুযোগেই মাদক চক্র পরিচালনা করতেন তিনি। তদন্তকারীরা তাঁর মোবাইলের তথ্য খতিয়ে দেখে বেশ কয়েকজন চলচ্চিত্র জগতের ব্যক্তির সঙ্গে যোগাযোগের হদিশ পেয়েছেন। যদিও রিন্সি দাবি করেছেন, এই যোগাযোগ শুধুমাত্র পেশাগত কারণে ছিল। এর সঙ্গে মাদকের কোনও যোগ নেই।
পুলিশ এখন অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায়। এই ঘটনায় ফের সামনে এল চলচ্চিত্র জগতের একটি অংশের সঙ্গে মাদক চক্রের সম্ভাব্য যোগ, যা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের ভিতরে।