২৬ ও ২৭ এপ্রিল তৃণমূলের প্রচারে বাংলায় অরবিন্দ কেজরিওয়াল

ফাইল চিত্র

দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক প্রচার আরও জোরালো হচ্ছে রাজ্যে। তৃণমূলের সমর্থনে প্রচারে আসছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ এপ্রিল তিনি পশ্চিমবঙ্গে প্রচার করবেন বলে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রের খবর, দ্বিতীয় দফা ভোটের আগে প্রচারে গতি আনতেই এই উদ্যোগ। কেজরিওয়ালের উপস্থিতি রাজ্যের বিভিন্ন আসনে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে শহর ও শহরতলির ভোটারদের মধ্যে তাঁর প্রভাব পড়তে পারে বলে ধারণা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই দুই দিনে একাধিক জনসভা ও রোড শো করার পরিকল্পনা রয়েছে। তৃণমূল নেতৃত্বের সঙ্গে যৌথ মঞ্চেও তাঁকে দেখা যেতে পারে। প্রসঙ্গত, কেজরিওয়াল ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে প্রচারে সক্রিয়। আর এবার বাংলার মাটিতেও সেই তৎপরতা বাড়াতে চলেছেন।


রাজনৈতিক মহলের মতে, অরবিন্দ কেজরিওয়ালের এই কর্মসূচির মাধ্যমে বিজেপি বিরোধী জোটকে আরও শক্তিশালী করার বার্তা স্পষ্ট। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে বিরোধী শিবির ইতিমধ্যেই এই জোটকে কটাক্ষ করতে শুরু করেছে।