মমতার পাশে কেজরিওয়াল, ওমর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রশাসনিক রদবদল ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ভিন্ন সুরে মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ্, যিনি নির্বাচনের ফলাফলে প্রশাসনিক বদলের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

সমাজমাধ্যমে পোস্ট করে কেজরিওয়াল অভিযোগ করেছেন, বিজেপি অসৎ উপায়ে ভোট জিততে নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাঁর দাবি, দিল্লি বিধানসভা নির্বাচনের সময়ও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, প্রশাসনের একপেশে ভূমিকা, সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্র। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বাংলার বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন গণতন্ত্র রক্ষার লড়াই লড়ছেন এবং সেই লড়াইয়ে তাঁর দল পাশে রয়েছে। পোস্টে কেজরিওয়াল লেখেন, ‘আজ মমতা দিদিও গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই করছেন। এই লড়াইয়ে আমরা তাঁর সঙ্গে আছি।’

অন্যদিকে, নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে সরব হয়েছেন মমতাও। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে তিনি অভিযোগ করেছেন, ভোটের আগে রাজ্যের ৫০-এর বেশি শীর্ষ প্রশাসনিক আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বক্তব্য, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।