বিজেপির সঙ্গে সম্পর্কের ইতি আন্নামালাইয়ের, নতুন রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত?

তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনা তুঙ্গে। বিজেপি ছাড়লেন তামিলনাড়ুর বিজেপি রাজ্য সভাপতি কে.আন্নামালাই। বিজেপি তাঁর দেওয়া ইস্তফাপত্র গ্রহণ করেছে। শুক্রবার বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই আন্নামালাইয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

বিজেপি এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘তামিলনাড়ুর প্রাক্তন রাজ্য সভাপতি কে.আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন গ্রহণ করেছেন।’

এই পদক্ষেপ নেওয়ার তিনদিন আগেই আন্নামালাই দিল্লিতে গিয়ে বিজেপি সভাপতি নিতিন নবীন, সাধারণ সম্পাদক বি.এল.সন্তোষ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন। যদিও পদত্যাগের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত দল বা আন্নামালাই কেউই প্রকাশ্যে কিছু জানাননি।


তবে এই পদত্যাগ ঘোষণার আগের দিন সমাজমাধ্যমে একটি পোস্ট করে খোলাখুলি আলোচনার কথা জানান কে.আন্নামালাই। এর আগে এক্সে তিনি লিখেছিলেন, ‘আগামীকাল দুপুর ১২টায় আপনাদের সকলের সঙ্গে খোলামেলা ও আন্তরিক আলোচনায় অংশ নেওয়ার জন্য আমি উদগ্রীব।’ সেই পোস্ট ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছিল।

সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপির হতাশাজনক ফলাফলের পর থেকেই আন্নামালাই নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধে ২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও বিজেপি মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছিল। আন্নামালাইয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে এখন সেই দিকেই নজর রয়েছে সকলের।