চার মাসের মধ্যে ফের ভোটের সম্ভাবনা জেএনইউতে

বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ভাঙচুর চালানোর অভিযোগ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের চার বামনেতাকে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার কথাও বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জেএনইউ চত্বর আবার উত্তাল হতে পারে বলে আশঙ্কা।

যে চার ছাত্রনেতাকে বরখাস্ত করা হয়েছে, তাঁরা হলেন ছাত্র সংসদের সভাপতি অদিতি মিশ্র, সহ-সভাপতি গোপিকা বাবু, সাধারণ সম্পাদক সুনীল যাদব এবং যুগ্ম সম্পাদক দানিশ আলি। বরখাস্ত করা হয়েছে ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি নীতীশ কুমারকেও। ২০২৫-এর নভেম্বরে ওই বাম ছাত্রনেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল।

রাজনৈতিক মহল মনে করছে, বিজেপির অঙ্গুলি হেলনেই জেএনইউ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি যে কোনও মূল্যে জেএনইউয়ের ছাত্র সংসদ দখল করতে মরিয়া। কিন্তু সোজাসুজি সেই কাজ করতে না পেরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মদতে ঘুরপথে ছাত্র সংসদের ক্ষমতা দখল করতে চাইছে। যদিও বিষয়টি নিয়ে এবিভিপি বা বিজেপির তরফে কেউই মুখ খোলেনি। ঘটনার জেরে চার মাসের মধ্যে ফের ভোটের সম্ভাবনা তৈরি হল জেএনইউতে।


দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক নজরদারির বিরুদ্ধে ২০২৫-এর নভেম্বরে বিক্ষোভ, আন্দোলন শুরু করেছিলেন পড়ুয়াদের একাংশ। বিক্ষোভ চলাকালীন সেন্ট্রাল লাইব্রেরির সামনে ফেসিয়াল রেকগনিশন গেট ভেঙে ফেলার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২০ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তাই ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কারণে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় যুক্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ।

কর্তৃপক্ষের নির্দেশ, এই চার ছাত্র নেতা-নেত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। কোনও পড়ুয়া যদি ওই চারজনকে তাঁদের হস্টেলে থাকতে দেন, তাহলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ২০২৫-এর নভেম্বরে জেএনইউ-তে ছাত্র সংসদের ভোট হয়েছিল। সেই ভোটে বাম ছাত্র সংগঠনগুলি জোট করে লড়েছিল । কিন্তু ছাত্র সংসদের চার নেতাই বরখাস্ত হওয়ায় ফের ছাত্র সংসদের ভোট হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।