মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় শোকস্তব্ধ মধ্যপ্রদেশের জব্বলপুর। উদ্ধারকাজের মাঝেই সামনে এল হৃদয়বিদারক দৃশ্য। মাকে শক্ত করে জড়িয়ে রয়েছে চার বছরের শিশু। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে মা ও ছেলের নিথর দেহ। নর্মদা নদীর বর্গি বাঁধ এলাকায় পর্যটকবাহী নৌকা ডুবে এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯।
বৃহস্পতিবার খামারিয়া দ্বীপের কাছে প্রবল ঝোড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার পরই সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দলকে নামানো হয় উদ্ধারকাজে। দিল্লির এক পরিবারের চারজন এই নৌকায় ছিলেন। বাবা ও মেয়ে কোনওমতে প্রাণে বাঁচলেও মা ও ছোট ছেলেকে আর বাঁচানো যায়নি। এখনও পর্যন্ত প্রায় ২৮ থেকে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও অন্ধকারের কারণে রাতভর উদ্ধারকাজ চালাতে যথেষ্ট সমস্যা হয়েছে। বিশেষ আলো এবং সরঞ্জামের সাহায্যে অভিযান চালানো হয়। নৌকাটি প্রায় ২০ ফুট গভীরে আটকে থাকায় কাজ আরও জটিল হয়ে ওঠে।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। প্রতিটি মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। এদিকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পর্যটন দপ্তরের অধীনস্থ এই নৌকায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়নি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার অভিযান এখনও চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।