এবার থেকে চার ধামে গেলে দিতে হবে রেজিস্টেশন ফি

ধর্মীয় কর চালু করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে চারধাম যাত্রায় দিতে হবে মূল্য। চারধাম যাত্রাকে কেন্দ্র করে নতুন সিদ্ধান্ত ঘিরে উত্তরাখণ্ডে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এতদিন বিনামূল্য হলেও, এ বার থেকে চার ধাম যাত্রায় যেতে গেলে লাগবে নির্দিষ্ট পরিমাণ মূল্য। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই মূল্য নেওয়া হবে বলে খবর। তবে সরাসরি কর শব্দটি ব্যবহার করা হচ্ছে না। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নেওয়া হবে এই টাকা। এই রেজিস্ট্রেশনের জন্য ন্যূনতম ১০ টাকা ফি ধার্য করা হয়েছে বলে খবর।

আগামী ১৯ এপ্রিল থেকে চারধাম যাত্রা শুরু হওয়ার কথা। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ—এই চারটি তীর্থস্থানে প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলায় এই চারধাম অবস্থিত। গাড়োয়ালের কমিশনার বিনয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, ভুয়ো রেজিস্ট্রেশন ও প্রতারণার অভিযোগ বহুবার সামনে এসেছে। তীর্থযাত্রীদের সুরক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থেই বাধ্যতামূলক নথিভুক্তিকরণের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।

সরকারি বৈঠকে নীতিগতভাবে রেজিস্ট্রেশন চালুর ব্যাপারে সম্মতি মিললেও এখনও তা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। শীঘ্রই চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।তবে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বিরোধী রাজনৈতিক শিবির সরব হয়েছে। তাঁদের অভিযোগ, মুখে হিন্দুত্বের কথা বললেও বাস্তবে তীর্থযাত্রীদের উপর আর্থিক চাপ তৈরি করছে সরকার।


অনেকে আবার এই পদক্ষেপের তুলনা টেনেছেন মুঘল আমলের ‘জিজিয়া’ করের সঙ্গে, যা অমুসলিমদের উপর আরোপ করা হত। বিশেষ করে ঔরঙ্গজেবের শাসনকালে এই কর পুনরায় চালু হয়েছিল বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। যদিও সরকারপক্ষের দাবি, এটি কোনও ধর্মীয় কর নয়; বরং স্বচ্ছতা, নিরাপত্তা ও প্রতারণা রোধের স্বার্থে সামান্য রেজিস্ট্রেশন ফি ধার্যের পরিকল্পনা। বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে।