পেট্রোল, ডিজেল নিতে গাড়ির বিমা দেখানোর প্রস্তাব সুপ্রিম কোর্টের

Image: SNS

বৈধ বিমা (Insurance) ছাড়া গাড়ি বা মোটরবাইকে পেট্রোল কিংবা ডিজেল নাও মিলতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। এ নিয়ে প্রথমে পাইলট প্রজেক্ট চালু করা যায় কি না, তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই প্রকল্প বাস্তবায়ন করবে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এবং ইনশিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই)।

আদালতের প্রস্তাব অনুযায়ী, পেট্রোল পাম্পে জ্বালানি দেওয়ার আগে সংশ্লিষ্ট গাড়ির বৈধ বিমা (Insurance) রয়েছে কি না এবং বিমার মেয়াদ নবীকরণ করা হয়েছে কি না, তা যাচাই করতে পারবেন কর্মীরা। যদি বিমা (Insurance)  বৈধ না থাকে, তবে জ্বালানি না দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা যেতে পারে। আদালতের মতে, সড়ক নিরাপত্তা জোরদার করতে এমন উদ্যোগ কার্যকর হতে পারে।

আরও পড়ুন: ‘রাজ্যের সেরা হাসপাতালের চিকিৎসকদের উপর আস্থা নেই কেন?’— অভিষেককে প্রশ্ন বিচারপতির, মেডিক্যাল বোর্ডের রিপোর্ট না এলে সিদ্ধান্ত নয়


তবে শুধু পেট্রোলপাম্পেই নয়, রাস্তায় ট্র্যাফিক পুলিশের মাধ্যমেও বিমা (Insurance) যাচাইয়ের ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। নাকা চেকিংয়ের সময় যাতে দ্রুত বিমার (Insurance) তথ্য যাচাই করা যায়, সে জন্য ট্র্যাফিক পুলিশের হাতে বিশেষ অ্যাপ বা ডিজিটাল ডিভাইস দেওয়ার বিষয়টাও বিবেচনা করতে বলা হয়েছে কেন্দ্রকে।

এছাড়া শহরের বিভিন্ন রাস্তায় বসানো স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ (এএনপিআর) ক্যামেরার সঙ্গে বিমা (Insurance) সংক্রান্ত তথ্য যুক্ত করার প্রস্তাবও দিয়েছে আদালত। বর্তমানে এই ক্যামেরাগুল সিগনাল ভাঙা, উল্টো পথে গাড়ি চালানো বা অতিরিক্ত গতির মতো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে। নতুন ব্যবস্থায় বিমাহীন গাড়িও সহজে চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করছে আদালত।

তৃতীয় পক্ষের বিমা (Insurance) বাধ্যতামূলক হলেও তার মেয়াদ বাড়ানোরও সুপারিশ করেছে শীর্ষ আদালত। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে বর্তমানে তিন বছরের বাধ্যতামূলক বিমানর মেয়াদ চার বছর এবং মোটরবাইকের ক্ষেত্রে পাঁচ বছরের পরিবর্তে ছয় বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও ভারী বৃষ্টি

বিমাহীন (Insurance) গাড়ির সংখ্যা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে চলাচলকারী প্রায় ৫৬ শতাংশ গাড়ির বৈধ বিমা (Insurance) নেই। সংসদীয় কমিটির রিপোর্টের তথ্য তুলে ধরে আদালত জানিয়েছে, দেশের প্রায় ৩০ কোটি ৪৮ লক্ষ নিবন্ধিত গাড়ির মধ্যে প্রায় ১৬ কোটি ৫৪ লক্ষই বিমার (Insurance) আওয়ার বাইরে। এর ফলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সময়মতো ক্ষতিপূরণ পান না এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মুখে পড়তে হয়।

আদালতের মতে, এই ধরনের প্রকল্প চালু হলে বিমাহীন (Insurance) গাড়ির সংখ্যা কমবে, পাশাপাশি ট্র্যাফিক আইন মেনে চলার প্রবণতাও বাড়বে। তৃতীয় পক্ষের বিমা (Insurance) সংক্রান্ত নিয়ম কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতেই এই উদ্যোগ প্রয়োজন বলে মত শীর্ষ আদালতের।

তবে আপাত এটি শুধুই একটি প্রস্তাব। কেন্দ্র সরকার বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আর প্রকল্প চালু হলেও প্রথম পর্যায়ে তা পরীক্ষামূলকভাবে কার্যকর হবে। অর্থাৎ, শুরুতেই বিমাবিহীন (Insurance) গাড়িকে জ্বালানি না দিয়ে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে চালকদের সতর্ক করা হতে পারে।

https://youtube.com/shorts/w0JzM-bySSY?si=L6VdUvwbAJ4cLVXX