৬ আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা সাময়িক স্থগিত করল ইন্ডিগো

Image: ANI

আন্তর্জাতিক উড়ান পরিষেবায় বড়সড় রদবদলের ঘোষণা করল দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো। ক্রমবর্ধমান পরিচালন ব্যয়, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং কয়েকটি রুটে যাত্রী চাহিদা কমে যাওয়ার কারণে আপাতত ছ’টি আন্তর্জাতিক গন্তব্যে বিমান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

যে গন্তব্যগুলিতে পরিষেবা বন্ধ থাকছে, সেগুলি হল হংকং, সাংহাই, হো-চি-মিন সিটি, লাংকাউই, ক্রাবি এবং সিয়েম রিপ। ইন্ডিগোর দাবি, নেটওয়ার্ককে আরও কার্যকর ও লাভজনক করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গিয়েছে, আগামী কয়েক মাসে ওই রুটগুলিতে প্রত্যাশিত যাত্রীসংখ্যা না থাকায় পরিষেবা চালিয়ে যাওয়া আর্থিকভাবে লাভজনক হবে না। সে কারণেই সাময়িক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্ডিগোর এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীদের বিকল্প বিমান সংস্থার উপর নির্ভর করতে হতে পারে। তবে ইন্ডিগো জানিয়েছে, এই ছ’টি রুট ছাড়া অন্য কোনও আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ উড়ান পরিষেবা একই রকমভাবে চলবে।


সংস্থা সূত্রে খবর, পরিস্থিতির উন্নতি হলে আগামী ১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট রুটগুলিতে ফের বুকিং চালু করা হতে পারে। ফলে পরিষেবা বন্ধের সিদ্ধান্তটি আপাতত সাময়িক বলেই মনে করা হচ্ছে। বর্তমানে ইন্ডিগো প্রতি সপ্তাহে ১ হাজার ৮০০-রও বেশি আন্তর্জাতিক উড়ান পরিচালনা করে। সংস্থার দাবি, আন্তর্জাতিক সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কোনও পরিবর্তন হয়নি। বরং ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই নেটওয়ার্ক গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।