আন্তর্জাতিক নজরে ভারতের ভোট, পর্যবেক্ষকদের স্বাগত জানাল কমিশন

আসন্ন বিধানসভাগুলির নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহলের নজর আরও একবার ভারতের নির্বাচনী ব্যবস্থার দিকে টানতে উদ্যোগী হল নির্বাচন কমিশন। শুরু হল ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর্স প্রোগ্রাম–২০২৬’। কর্মসূচির উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভারতে নির্বাচন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি একপ্রকার ‘গণতন্ত্রের উৎসব’।
উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে ভোট পরিচালনা এক বিশাল আয়োজন। সেই অভিজ্ঞতাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরাই এই কর্মসূচির লক্ষ্য। একইসঙ্গে বিভিন্ন দেশের নির্বাচনী পদ্ধতির সঙ্গে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হবে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ২৩টি দেশের ৪৩ জন প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ৮ ও ৯ এপ্রিল তাঁরা অসম, কেরল এবং পুদুচেরিতে গিয়ে সরেজমিনে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। ভোটগ্রহণের দিন মাঠপর্যায়ের প্রস্তুতি, বুথ পরিচালনা থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা— সবকিছুই খতিয়ে দেখবেন তাঁরা।
দ্বিতীয় পর্যায়ে আগামী ২০ এপ্রিল থেকে প্রতিনিধিদের সফরসূচিতে রয়েছে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। সেখানে নির্বাচনের আগে প্রস্তুতি, কন্ট্রোল রুমের কার্যক্রম, মিডিয়া মনিটরিং সেন্টার— সহ একাধিক গুরুত্বপূর্ণ দিক ঘুরে দেখার কথা তাঁদের।
এদিন প্রতিনিধিদের সামনে ইভিএম ব্যবহারের ডেমোনস্ট্রেশনও করা হয়। পাশাপাশি মক পোলের মাধ্যমে ভোটদানের অভিজ্ঞতা হাতে-কলমে তুলে ধরা হয়, যাতে ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সঙ্গে তাঁরা পরিচিত হতে পারেন।
নির্বাচন কমিশনের মতে, এই উদ্যোগ শুধু পর্যবেক্ষণ নয়— বরং একধরনের কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক সেতুবন্ধন। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী কাঠামোর সঙ্গে তুলনামূলক আলোচনা এবং ভারতের ব্যবস্থার শক্তি তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।