এপ্রিল থেকে কার্যকর হতে পারে ভারত-ইংল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি

ভারত এবং যুক্তরাজ্য-এর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি চলতি বছরের এপ্রিল মাস থেকেই কার্যকর হতে পারে। কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এই চুক্তি কার্যকর হলে ভারতের বিভিন্ন শিল্পক্ষেত্রে রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে।

গত বছরের জুলাই মাসে দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে তা কার্যকর করতে যুক্তরাজ্যের সংসদের অনুমোদন প্রয়োজন। ইতিমধ্যেই ব্রিটিশ সংসদের দুই কক্ষেই চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত দিচ্ছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই চুক্তির ফলে যুক্তরাজ্যে ভারতের ৯৯ শতাংশ পণ্যের উপর শুল্ক শূন্য হয়ে যাবে। এর ফলে বস্ত্রশিল্প, চামড়াজাত পণ্য, জুতো, খেলাধুলার সামগ্রী, খেলনা, রত্ন ও গয়না, সামুদ্রিক পণ্য-সহ বিভিন্ন শ্রমনির্ভর শিল্পে রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, ইঞ্জিন এবং জৈব রাসায়নিক পণ্যের ক্ষেত্রেও বড় সুযোগ তৈরি হবে।


এই চুক্তিতে শুল্ক সংক্রান্ত বাধা ছাড়াও অন্যান্য অশুল্ক প্রতিবন্ধকতা দূর করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে ভারতীয় পণ্য ও পরিষেবার অবাধ প্রবাহ নিশ্চিত করা যায়।

নরেন্দ্র মোদী এবং কিয়ার স্টারমার গত বছর মে মাসে এই মুক্ত বাণিজ্য চুক্তির সফল সমাপ্তির ঘোষণা করেছিলেন। পাশাপাশি ভারতীয় কর্মীদের স্বার্থ রক্ষায় একটি পৃথক ‘ডাবল কনট্রিবিউশন কনভেনশন’ স্বাক্ষরিত হয়েছে, যার ফলে যুক্তরাজ্যে অস্থায়ীভাবে কর্মরত ভারতীয় কর্মীদের তিন বছর পর্যন্ত সামাজিক সুরক্ষা খাতে অর্থ দিতে হবে না।

এছাড়া তথ্যপ্রযুক্তি, আর্থিক পরিষেবা, পেশাদারি পরিষেবা এবং শিক্ষা পরিষেবার ক্ষেত্রেও এই চুক্তির ফলে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে ভারত ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার। এই নতুন চুক্তি কার্যকর হলে ২০৩০ সালের মধ্যে তা দ্বিগুণ হতে পারে বলে মনে করা হচ্ছে।