আগামী ৩১ মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ

প্রতীকী চিত্র

পশ্চিম এশিয়ায় চলা টানা যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। নিরাপত্তাজনিত কারণে এয়ার ইন্ডিয়া সাময়িকভাবে ভারত-ইজরায়েল উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত নিউ দিল্লি থেকে তেল আভিভের মধ্যে সরাসরি উড়ান স্থগিত থাকবে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই রুটে পরিষেবা বিঘ্নিত হচ্ছিল।

বর্তমানে পশ্চিম এশিয়ার আকাশপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একদিকে ইরান এবং অন্যদিকে ইজরায়েল ও আমেরিকা। যৌথ ভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে।  ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে ইরানে। ইরানও পাল্টা দিচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ বড় বিমান সংস্থাই তেল আভিভমুখী উড়ান স্থগিত রেখেছে। যদিও এল আল, ইজরাএয়ার, আরকিয়া এবং এয়ার হাইফার মতো ইজরায়েলি বিমান সংস্থাগুলি কঠোর নিরাপত্তা বিধি মেনে সীমিত পরিষেবা চালু রেখেছে।

এদিকে, উড়ান বন্ধ হয়ে যাওয়ায় ইজরায়েলে বসবাসকারী প্রায় ৪০ হাজার ভারতীয়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যক্তিগত, পেশাগত কিংবা নিরাপত্তাজনিত কারণে অনেকেই দেশে ফিরতে চাইছেন। তবে সরাসরি উড়ান বন্ধ থাকায় তাঁদের বিকল্প পথ অবলম্বন করতে হচ্ছে। বর্তমানে স্থলপথে জর্ডন বা মিশরে পৌঁছে সেখান থেকে দিল্লিগামী বিমান ধরতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের পাশে দাঁড়িয়েছে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস। প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিয়ে দেশে ফেরার প্রক্রিয়ায় তাঁদের সহযোগিতা করা হচ্ছে।