ঘণ্টায় ২৪৯ কিমি বেগে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন, ৫৫৭ যাত্রীর জন্য থাকছে ৮ কামরা

File Photo

সভ্যতার অন্যতম পরিচয় গতি। গরুর গাড়ি থেকে শব্দের চেয়েও দ্রুতগতির বিমান। যাতায়াতের মাধ্যম বদলেছে সময়ের সঙ্গে। রেলপথেও এসেছে একের পর এক পরিবর্তন। এবার সেই যাত্রায় নতুন অধ্যায় যোগ হতে চলেছে ভারতে। মুম্বই-আমেদাবাদ হাইস্পিড করিডরে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেই ট্রেন তৈরির কাজ চলছে বেঙ্গালুরুর ভারত আর্থ মুভার্স লিমিটেড বা বিইএমএল-এর কারখানায়। সম্প্রতি কারখানায় গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বিইএমএল সূত্রে জানা গিয়েছে, বুলেট ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ২৮০ কিলোমিটার। তবে যাত্রী পরিষেবার সময় ঘণ্টায় ২৪৯ কিলোমিটার বেগে ছুটবে ট্রেনটি। আট কামরার এই ট্রেনের দৈর্ঘ্য হবে ২০২ মিটার। একসঙ্গে ৫৫৭ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। এর মধ্যে সাতটি কামরা থাকবে স্ট্যান্ডার্ড ক্লাসের এবং একটি এক্সিকিউটিভ ক্লাসের।

বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য দু’টি আসন সংরক্ষিত রাখা হবে। ট্রেনের দু’দিকেই থাকবে চালকের কেবিন। ফলে দুই দিক থেকেই ট্রেন চালানো সম্ভব হবে। যাত্রীদের সাড়া ও চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও আটটি কামরা যুক্ত করার ব্যবস্থাও রাখা হচ্ছে। শুধু গতি নয়, যাত্রীস্বাচ্ছন্দ্যের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কামরাগুলিতে হাত-পা ছড়িয়ে বসার মতো প্রশস্ত জায়গা থাকবে। থাকছে আধুনিক এলইডি আলো এবং ব্যাগ রাখার জন্য উপরে ও নিচে আলাদা ব্যবস্থা।


যাত্রাপথের প্রয়োজনীয় তথ্য জানাতে প্রতিটি কামরায় থাকবে স্বয়ংক্রিয় ঘোষণার ব্যবস্থা। এর পাশাপাশি বসানো হবে এলইডি পর্দা। সেখানে ইংরেজি, হিন্দি এবং আঞ্চলিক ভাষায় বিভিন্ন তথ্য জানানো হবে যাত্রীদের। নিরাপত্তার ক্ষেত্রেও থাকছে বিশেষ ব্যবস্থা। আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীরা কামরার ভিতর থেকে সরাসরি নিয়ন্ত্রণকক্ষে বার্তা পাঠাতে পারবেন। শুধু তাই নয়, কামরাগুলির সংযোগকারী অংশ বা ভেস্টিবিউল থেকেও এই যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন: দূষণে ঢেকেছে রাজধানী, দিল্লি-এনসিআর-এ বাজি পোড়ানোর অনুমতি শীর্ষ আদালতের

প্রাথমিকভাবে মুম্বাই-আমেদাবাদ হাইস্পিড করিডরেই চলবে দেশের প্রথম বুলেট ট্রেন। প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে দুই প্রান্তিক স্টেশন মুম্বই ও আমেদাবাদের পাশাপাশি পুণেতেও স্টেশন তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে দিল্লি-গুয়াহাটি হাইস্পিড রেলপথের পরিকল্পনাতেও রয়েছে বুলেট ট্রেন। প্রস্তাবিত ওই পথে আগ্রা, কানপুর, লখনউ, বারাণসী, পাটনা হয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি ছুঁয়ে গুয়াহাটি পৌঁছনোর পরিকল্পনা রয়েছে। সেই রেলপথ চালু হলে দিল্লি থেকে গুয়াহাটি যেতে সময় লাগতে পারে মাত্র আট ঘণ্টা।