কুয়েতে ইরানের হামলায় আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করল ভারতীয় দূতাবাস। সোমবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, মৃতের পরিবারকে সবরকম সহায়তা দিতে তারা কুয়েতের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কুয়েতে জল পরিশোধন কেন্দ্রে হামলায় এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে সবরকম সাহায্য ও সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
উল্লেখ্য, সোমবার ভোরে কুয়েতের একটি বিদ্যুৎ ও জল পরিশোধন কেন্দ্রে হামলা চালায় ইরান। সেই হামলায় ওই ভারতীয় শ্রমিকের মৃত্যু হয় এবং কেন্দ্রের একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। কুয়েতের বিদ্যুৎ ও জল মন্ত্রক এই হামলাকে ‘পাপপূর্ণ আগ্রাসন’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। হামলার পরই জরুরি পরিষেবা ও প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরিষেবা সচল রাখার চেষ্টা শুরু করে। এর আগে সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয়র মৃত্যু হয়েছিল। ফলে পশ্চিম এশিয়ায় চলা সংঘাতে ভারতীয়দের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮।
প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলা এই সংঘাতের সূত্রপাত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর। এরপর থেকেই ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় দূতাবাসের তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।