আসামের মুখ্যমন্ত্রীর এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে প্রতিবাদ জানাতে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান পবন বাধেকে তলব করে আসামের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক৷
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের আসাম থেকে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে এই কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ঢাকা। ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যম উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের বিদেশ মন্ত্রক দুই দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে, সংবেদনশীল দ্বিপাক্ষিক বিষয়গুলি মোকাবিলায় সংযম প্রদর্শনের উপর জোর দিয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, ‘অসভ্য লোকজন নরম ভাষা বোঝে না। আসাম থেকে যখন আমরা সেইসব অনুপ্রবেশকারীদের বিতাড়িত করি, যারা নিজেরা চলে যেতে চায় না, তখন আমরা এই উক্তির কথা তাদের মনে করিয়ে দিই ৷ যেমন ওই ২০ জন অবৈধ বাংলাদেশি, যাদের গত রাতে পুশব্যাক করে ফেরত পাঠানো হয়েছে ৷’ যদিও প্রবল বিতর্কের মুখে পড়ে তাঁর এক্স হ্যান্ডেলের এই পোস্টটি পরে মুছে দেওয়া হয়।
আসামের মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় হাইকমিশনারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা ৷ পাশাপাশি জোর দিয়ে জানিয়েছে, ভারত-বাংলাদেশ সম্পর্কে আঘাত লাগে, এমন কোনও মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত৷ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশ স্পষ্টভাবে উল্লেখ করেছে, এই ধরনের প্রকাশ্য বিবৃতি ক্ষতিকারক ৷ এতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন৷ তারপর নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলায় নানাবিধ পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার ৷ কেন্দ্রের তরফে যখন ঢাকার সঙ্গে নতুন করে সখ্য স্থাপনের চেষ্টা চলছে, সেই সময় ‘বাংলাদেশি মুসলিমদের পুশব্যাক’ মন্তব্যে শালিনতার মাত্রা ছাড়িয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতায় হতবাক আন্তর্জাতিক মহল।
উল্লেখ্য, শেখ হাসিনা ক্ষমতাচুত্য হওয়ার পর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠছিল। এখন বিএনপি নেতা তারেক রহমান নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেরামতের প্রক্রিয়া শুরু হলেও হিমন্ত বিশ্বশর্মার বিতর্কিত মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যেন কাঁটা ঘায়ে নুনের ছিটে পড়েছে। ফলে নতুন করে এই টানাপোড়েনের জের কোনদিকে গড়ায় সেদিকে তাকিয়ে রয়েছে উপমহাদেশের কূটনৈতিক মহল।