বৈঠকে বসছে ইন্ডিয়া জোট, জোর ঐক্যের বার্তায়

বাংলায় হারের মুখ দেখেছে তৃণমূল। অন্যদিকে বিরোধী শিবিরের অবস্থাও শোচনীয়। এরই মধ্য়ে আসন্ন সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে সোমবার দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার দুপুরে সংবিধান ক্লাবে আয়োজিত এই বৈঠকে ২৩টি রাজনৈতিক দল অংশ নেবে।

সংসদে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি আগামী দিনে রাজনৈতিক কৌশল ঠিক করাই সোমবারের বৈঠকের মূল উদ্দেশ্য। শুধু তাই নয়, সেইসঙ্গে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের সমস্যা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ারও কথা রয়েছে।

এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, এদিনের বৈঠকে কয়েকটি দল উপস্থিত থাকতে পারছে না। কিন্তু তারা এখনও কেন্দ্রের বিরোধীতা করছে এবং জোটের সঙ্গে রয়েছে। এদিনের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন।


তবে এই বৈঠকে ডিএমকের অনুপস্থিতি সবচেয়ে বেশি নজর কেড়েছে। তামিলনাড়ুতে নির্বাচনের পর কংগ্রেস-ডিএমকের দীর্ঘদিনের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। ডিএমকের মুখপাত্র টিকেএস এলানগোভান জানিয়েছেন, দলের কর্মীরা কংগ্রেসের বেশকিছু রাজনৈতিক সিদ্ধান্তে খুশি নন। এতে জোটের মধ্যে মতবিরোধের জল্পনা আরও বেড়েছে।

যদিও জোটের অন্যান্য নেতাদের দাবি, ইন্ডিয়া জোটে কোনও ভাঙন ধরেনি। এখানে সকলে একসঙ্গে কাজ করছে। তাদের মতে, গণতন্ত্র, সংবিধান ও সাধারণ মানুষের সমস্যা নিয়ে লড়াই করার জন্যই এই জোট তৈরি হয়েছে।

সোমবারের বৈঠকে ইন্ডিয়া জোট ভবিষ্যতের জন্য কী কী পরিকল্পনা নেয় সেই দিকে সকলের নজর রয়েছে।