যুদ্ধ পরিস্থিতির প্রভাব, জ্বালানি রপ্তানিতে নতুন করনীতি কেন্দ্রের

Image: ANI

পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আবহ এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতার মধ্যে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে কর কাঠামোয় বড় পরিবর্তন আনল কেন্দ্র সরকার। ১৬ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেল ও এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ রপ্তানির ওপর উইন্ডফল গেইনস্ ট্যাক্স বা অপ্রত্যাশিত অতিরিক্ত মুনাফার ওপর আরোপিত বিশেষ কর বাড়ানো হয়েছে। অন্যদিকে পেট্রল রপ্তানির ওপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজেল রপ্তানিতে বিশেষ অতিরিক্ত মুনাফা  শুল্ক লিটারপিছু ৮.৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫.৫০ টাকা করা হয়েছে। একইভাবে এটিএফ রপ্তানির ক্ষেত্রে এই শুল্ক  ৭.৫০ টাকা থেকে বেড়ে হয়েছে লিটারপিছু ১৪.৫০ টাকা। তবে পেট্রল রপ্তানির ওপর শুল্ক লিটারপিছু ৪ টাকা থেকে কমিয়ে ২.৫০ টাকা করা হয়েছে। যদিও দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য বিক্রি হওয়া পেট্রল ও ডিজেলের ওপর বর্তমান শুল্কে কোনও পরিবর্তন আনা হয়নি।   
 
সরকারের দাবি, এই সিদ্ধান্তের ২টি মূল উদ্দেশ্য। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে রপ্তানিকারীরা যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারেন তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণে পেট্রলিয়াম পণ্যের সরবরাহ বজায় রাখা।
 
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ায় মার্কিন-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আবার বেড়েছে। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। অপরিশোধিত তেলের দামও সম্প্রতি বেড়ে ব্যারেলপিছু প্রায় ৮৪.৭৩ ডলারে পৌঁছেছে, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক কাঠামোয় বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্র।
 
কেন্দ্র গত ২৭ মার্চ ডিজেল ও এটিএফ রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত মুনাফা কর চালু করেছিল।প্রতি ১৫ দিন অন্তর সরকার এই করের পর্যালোচনা করে সরকার এবং পরিস্থিতি অনুযায়ী করের হার সংশোধন করা হয়। পরে ১৬ মে থেকে পেট্রল রপ্তানির ওপরও এই শুল্ক আরোপ করা হয়। গত ১ জুলাই কার্যকর হওয়া সংশোধনে ডিজেল ও এটিএফের শুল্ক কমানো হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ফের সেই হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হল। একই সঙ্গে পেট্রলের রপ্তানি শুল্ক কিছুটা কমানো হয়েছে, লিটার প্রতি ৪ টাকা থেকে কমিয়ে ২.৫ টাকা করা হয়েছে। মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে যে, অভ্যন্তরীণ ব্যবহারের জন্য বরাদ্দ পেট্রল ও ডিজেলের ওপর বর্তমান শুল্ক হারে কোনও পরিবর্তন হবে না।
এদিকে চলতি মাসের শুরুতে পশ্চিম এশিয়ায় যুদ্ধের তীব্রতা কিছুটা কমে এবং হরমুজ প্রণালী আবার চালু হওয়ার পর দেশের জ্বালানির বাজারেও স্বস্তি ফিরতে শুরু করে। বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমানো হয়েছে। পাশাপাশি দেশের অন্যতম বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি তাদের পাম্পগুলিতে পেট্রলের দাম লিটারপিছু ৫ টাকা, ডিজেলের দাম ৩ টাকা এবং এটিএফের দামও লিটারপিছু ৫ টাকা পর্যন্ত কমিয়েছে।