হায়দরাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’, তেলেঙ্গানা সরকারের সিদ্ধান্তে বিতর্ক

হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার। আগামী ২৩ জুন থেকে শহরের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত মার্কিন কনস্যুলেট অভিমুখী ওই রাস্তার নতুন নাম হবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’।

তেলেঙ্গানা সরকারের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ভারত- আমেরিকা সম্পর্ক আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে। তেলেঙ্গানা সরকারের মতে, হায়দরাবাদ বিশ্বের সেই মুষ্টিমেয় শহরের তালিকায় জায়গা করে নেবে, যেখানে কোনও মার্কিন প্রেসিডেন্টের নামে গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তের কথা সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। অনেকেই সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন, হায়দরাবাদ বা তেলেঙ্গানার জন্য ট্রাম্পের বিশেষ কী অবদান রয়েছে, যার জন্য তাঁর নামে রাস্তার নাম রাখা হচ্ছে। বিরোধীদের একাংশও এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ২০২৫-এর ডিসেম্বরে প্রথম এই প্রস্তাব দেন। সেই পরিকল্পনাই এবার বাস্তবায়নের পথে।


এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হল, যখন আমেরিকাতেই ট্রাম্পের নাম ঘিরে বিতর্ক রয়েছে। সম্প্রতি ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত বিখ্যাত কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের উদ্যোগে স্থগিতাদেশ দেয়। সেখানে ট্রাম্পের নাম দেওয়ার প্রচেষ্টা আদালতের নির্দেশে বন্ধ হয়ে যায়। সরিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ফলকও। ফলে একদিকে যখন আমেরিকায় ট্রাম্পের নাম নিয়ে বিতর্ক চলছে, অন্যদিকে ভারতে ট্রাম্পের নামে রাস্তার নামকরণ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।