চড়া দামের কারণে এত দিন যে অত্যাধুনিক এইচআইভি প্রতিরোধী ওষুধ আফ্রিকার কোটি কোটি মানুষের নাগালের বাইরে ছিল, এ বার সেই জীবনদায়ী ইঞ্জেকশন নামমাত্র খরচে মহাদেশটির মানুষের হাতে পৌঁছে দিচ্ছে ভারত। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘গিলিয়াড সায়েন্সেস’ (Gilead Sciences)-এর উদ্ভাবিত ‘লেনাকাপাভির’-এর (Lenacapavir) সস্তা জেনেরিক সংস্করণ আফ্রিকায় রপ্তানি শুরু করল হায়দরাবাদের সংস্থা ‘হেটেরো’ (Hetero)। আমেরিকায় এই ওষুধের মূল সংস্করণের বার্ষিক খরচ যেখানে মাথাপিছু প্রায় ২৮ হাজার মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লক্ষ টাকা, সেখানে হেটেরোর তৈরি জেনেরিক সংস্করণের খরচ পড়বে বছরে মাত্র ৪০ ডলারের বা সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি।
আগামী দিনে আসছে ভারতেও
সংবাদ সংস্থা রয়টার্স এবং সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই আফ্রিকায় ধাপে ধাপে জেনেরিক লেনাকাপাভির ইঞ্জেকশন পাঠানো শুরু করেছে হেটেরো। প্রাথমিক পর্যায়ে জাম্বিয়া, উগান্ডা এবং জিম্বাবোয়ের জন্য মোট ৩ লক্ষ ভায়াল (vials) সরবরাহের পরিকল্পনা রয়েছে। ‘গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া’-র তথ্য অনুযায়ী, বুধবারই প্রথম দফার জেনেরিক সরবরাহ পৌঁছে গিয়েছে জাম্বিয়ায়। খুব শীঘ্রই উগান্ডায় এবং ২০২৭ সালের শুরুতে রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির (UNDP) মাধ্যমে জিম্বাবোয়েতে এই ওষুধ পৌঁছে যাবে।
হেটেরো গ্রুপ অফ কোম্পানিজ়ের ম্যানেজিং ডিরেক্টর বংশী কৃষ্ণ বান্দি (Vamsi Krishna Bandi) জানিয়েছেন, তাঁদের সংস্থার বছরে ১ কোটি ৫০ লক্ষ ভায়াল জেনেরিক লেনাকাপাভির উৎপাদনের ক্ষমতা রয়েছে এবং চাহিদা বাড়লে তা আরও বাড়ানো সম্ভব। ২০২৭ সালের গোড়ার দিকে আফ্রিকার আরও ১০টি দেশে এই ওষুধ পাঠানোর পাশাপাশি, আগামী কয়েক মাসের মধ্যে ভারতের বাজারেও জেনেরিক লেনাকাপাভির আনতে চলেছে হেটেরো, যা বর্তমানে নিয়ামক সংস্থার (DCGI) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি আগামী জানুয়ারির মধ্যেই ওষুধের প্রাথমিক পর্বের জেনেরিক ট্যাবলেটও (oral initiation tablets) বাজারে আনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে গিলিয়াড সায়েন্সেস ১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে জেনেরিক লেনাকাপাভির উৎপাদন ও বিক্রির জন্য ছ’টি সংস্থাকে রয়্যালটি-মুক্ত স্বেচ্ছা-লাইসেন্স (royalty-free voluntary licence) দিয়েছিল। সেই তালিকায় হেটেরো ছাড়াও রয়েছে ডক্টর রেড্ডিজ় ল্যাবরেটরিজ় (Dr Reddy’s Laboratories), এমকিয়োর (Emcure), ইভা ফার্মা, ফিরোজসনস ল্যাবরেটরিজ় এবং ভায়াট্রিসের সহযোগী সংস্থা মাইল্যান। এ ছাড়া ২০২৫ সালের সেপ্টেম্বরে গেটস ফাউন্ডেশনের (Gates Foundation) সঙ্গে চুক্তিও হেটেরোর এই দ্রুত সরবরাহে বড় ভূমিকা নিয়েছে।
লেনাকাপাভির কেন গেম-চেঞ্জার
গিলিয়াড মূলত ‘ইয়েজটুগো’ (Yeztugo) ব্র্যান্ড নামে এই দীর্ঘমেয়াদি এইচআইভি প্রতিরোধী ওষুধটি বিক্রি করে। সাধারণত এইচআইভি সংক্রমণ রুখতে প্রচলিত ‘প্রি-এক্সপোজ়ার প্রফিল্যাক্সিস’ বা প্রেপ (PrEP) পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতি দিন নিয়ম করে ওষুধ খেতে হয়। কিন্তু লেনাকাপাভিরের ক্ষেত্রে সেই ঝক্কি নেই। প্রতি ছ’মাসে একবার, অর্থাৎ বছরে মাত্র দু’টি ইঞ্জেকশন নিলেই সংক্রমণের ঝুঁকি প্রায় পুরোপুরি এড়ানো সম্ভব। ক্লিনিক্যাল ট্রায়ালে উচ্চ কার্যকারিতা প্রমাণিত হওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ও (WHO) এটিকে অতিরিক্ত প্রেপ বিকল্প হিসেবে সুপারিশ করেছে। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থা FDA-র তথ্য অনুযায়ী, এটি একটি ‘এইচআইভি-১ ক্যাপসিড ইনহিবিটর’ (HIV-1 capsid inhibitor), যা ভাইরাসের জিনগত উপাদানের চারপাশে থাকা সুরক্ষা-আবরণ বা ক্যাপসিডকে নিশানা করে এবং শরীরের ভেতরে ভাইরাসের জীবনচক্র ভেঙে দিয়ে সংক্রমণ ছড়ানো আটকে দেয়।
আফ্রিকার জন্য এই সাশ্রয়ী ইঞ্জেকশন আশীর্বাদ হয়ে উঠবে বলেই মনে করছে জনস্বাস্থ্য মহল। গত ২৪ নভেম্বর প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের ‘ইউএনএইডস’-এর (UNAIDS) ২০২৬ সালের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বিশ্ব জুড়ে আনুমানিক ৪ কোটি ১০ লক্ষ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে রয়েছেন, যাঁদের মধ্যে ২ কোটি ৬৩ লক্ষই আফ্রিকার বাসিন্দা। পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় ২ কোটি ১১ লক্ষ এবং পশ্চিম ও মধ্য আফ্রিকায় ৫২ লক্ষ। শুধু ২০২৫ সালেই আফ্রিকার এই দুই অঞ্চলে নতুন করে ৬ লক্ষ ১০ হাজার মানুষ এইচআইভি-তে আক্রান্ত হয়েছেন।
আফ্রিকার পাশে ভারতের ওষুধ শিল্প
আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলিতে সস্তায় জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতের এই ভূমিকা নতুন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২০ সালের একটি সমীক্ষাতেই উঠে এসেছিল, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে এইচআইভি আক্রান্ত অধিকাংশ রোগীই ভারতীয় সংস্থার তৈরি জেনেরিক অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধের ওপর নির্ভরশীল। এই বিপ্লবের সূচনা হয়েছিল ২০০১ সালে, যখন বহুজাতিক সংস্থাগুলির বার্ষিক ১০ হাজার ডলারেরও বেশি খরচের এইচআইভি চিকিৎসাকে চ্যালেঞ্জ ছুঁড়ে ভারতীয় সংস্থা ‘সিপলা’ (Cipla) দিনে এক ডলারেরও কমে অর্থাৎ, বছরে মাত্র ৩৫০ ডলারে তিনটি ওষুধের সংমিশ্রণ সরবরাহ শুরু করেছিল।
সেই ঐতিহ্য বজায় রেখেই আজও আফ্রিকার সবচেয়ে বড় ওষুধ-সহযোগী হয়ে রয়েছে ভারত। ‘ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন’-এর (IBEF) বাণিজ্য পরিসংখ্যান বলছে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত আফ্রিকায় ৫০৭ কোটি মার্কিন ডলার মূল্যের ওষুধ রপ্তানি করেছে, যা ভারতের মোট ওষুধ রপ্তানির ১৬.২৮ শতাংশ। ২৮ হাজার ডলারের পেটেন্টেড ইঞ্জেকশনকে ৪০ ডলারে নামিয়ে এনে হেটেরোর এই নতুন পদক্ষেপ আরও এক বার প্রমাণ করল, কেন বিশ্ব স্বাস্থ্য মানচিত্রে ভারতকে ‘বিশ্বের ফার্মেসি’ বলা হয়।