২১ এপ্রিল দেশের প্রথম রিফাইনারি-পেট্রোকেমিক্যাল হাব উদ্বোধনে মোদী

দেশের জ্বালানি ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ২১ এপ্রিল রাজস্থানের বালোত্রায় দেশের প্রথম সমন্বিত রিফাইনারি-পেট্রোকেমিক্যাল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জানিয়েছেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের এই রিফাইনারি প্রকল্প ভবিষ্যতে দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠবে এবং রাজস্থানের অর্থনীতিতেও নতুন গতি আনবে।

পাচপদ্রা এলাকায় তৈরি এই রিফাইনারি শুধু পেট্রোল ও ডিজেল উৎপাদনই করবে না, পাশাপাশি পলিপ্রোপিলিন, লিনিয়ার লো-ডেনসিটি পলিথিন, হাই-ডেনসিটি পলিথিন, বেনজিন, টলুইন এবং বুটাডিয়েনের মতো গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল উৎপাদন করবে। ফলে পরিবহণ, ওষুধ, রং এবং প্যাকেজিং শিল্পে এর বড় প্রভাব পড়বে।


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঐতিহাসিক করে তুলতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। উদ্বোধনের পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এবং রিফাইনারিতে তৈরি তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাঙ্কারও পতাকা দেখিয়ে রওনা করাবেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, চিকিৎসা ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ও পার্কিংয়ের মতো সব দিকেই বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

এই প্রকল্পের মোট সংশোধিত ব্যয় প্রায় ৭৯ হাজার ৪৫৯ কোটি টাকা। বছরে প্রায় ৯ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষমতা রয়েছে এই রিফাইনারির। এখানে রাজস্থানের নিজস্ব তেলের পাশাপাশি আমদানি করা অপরিশোধিত তেলও ব্যবহার করা হবে।

প্রায় ৪৪০০ একর জমির উপর বিস্তৃত এই প্রকল্প ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে তরল গ্যাস উৎপাদন শুরু করেছে।

সরকারের মতে, এই প্রকল্প দেশের জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াবে, আমদানির উপর নির্ভরতা কমাবে এবং যুবসমাজের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পাশাপাশি দক্ষতা উন্নয়নের নতুন ক্ষেত্রও খুলে দেবে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বৃহৎ পরিকাঠামো প্রকল্প শুধু জ্বালানি ক্ষেত্রেই নয়, সামগ্রিক শিল্পোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।