৭ এপ্রিলের মধ্যেই সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তির কথা সুপ্রিম কোর্টকে জানাল হাইকোর্ট

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলায় চলা এসআইআর মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দিল্লি সুপ্রিম কোর্ট। বুধবারের শুনানিতে জানানো হয়েছে, ভোটের আগেই বিবেচনাধীন সমস্ত নামের নিষ্পত্তি সম্পন্ন করা হবে। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে একটি চিঠি সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়, যা সন্তোষজনক বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

শুনানিতে প্রধান বিচারপতি জানান, আগামী ৭ এপ্রিলের মধ্যে সব বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়ে যাবে বলে হাই কোর্টের প্রধান বিচারপতি আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে প্রায় ৪৭ লক্ষের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। ফলে বাকি কাজও দ্রুত শেষ হবে বলে আদালত আশাবাদী।

এর আগে, বিবেচনাধীন তালিকায় থাকা বিপুল সংখ্যক ভোটারের নাম নির্বাচনের আগে নিষ্পত্তি করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়-এর আইনজীবী। বিশেষ করে ৬ এপ্রিল প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ঘনিয়ে আসায় এই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়, প্রতিদিন প্রায় দু’লক্ষ করে নাম যাচাই ও নিষ্পত্তি করা হচ্ছে এবং নিয়মিত তালিকাও প্রকাশ করা হচ্ছে।


এদিন আদালতে আরও জানানো হয়, বৃহস্পতিবার থেকে ট্রাইবুনালগুলির কাজ শুরু হবে। এসআইআর সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য এই ট্রাইবুনালগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ কার্যক্রমও বুধবার থেকেই শুরু হয়েছে।

সব মিলিয়ে, ভোটের আগে সমস্ত অনিষ্পন্ন নামের নিষ্পত্তি করার আশ্বাসে আপাতত স্বস্তির বার্তা মিলেছে। আদালতের এই উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলেই মনে করা হচ্ছে।