পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির উল্লেখযোগ্য ফলাফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী। সামাজিক মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই সাফল্যের কৃতিত্ব দেন। হেমা মালিনী জানান, দীর্ঘদিনের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে।
তাঁর মতে, এই ফলাফল গণতন্ত্রের শক্তির প্রতিফলন এবং মানুষের সচেতনতারই প্রমাণ। তিনি আরও বলেন, এই ঐতিহাসিক নির্বাচনে জয়ী সমস্ত প্রার্থীদের তিনি অভিনন্দন জানাচ্ছেন। তাঁর বক্তব্যে উঠে আসে যে, এই ফল দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
অন্যদিকে, টেলিভিশন অভিনেত্রী রূপা গাঙ্গুলিও এই ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ভয় নয়, গণতন্ত্রের পক্ষেই মানুষ নিজেদের মত প্রকাশ করেছেন। একই সঙ্গে ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে দু’দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনার প্রবণতা ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক আলোচনা তুঙ্গে।