কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, নির্বাচনের মুখে বড় ধাক্কা

Congress Flag Photo-SNS

দীর্ঘদিনের পুরনো চাকরি দুর্নীতিতে নাম জড়িয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়কের। যা নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। তখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানও হয়েছিল। তাতে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল নগদ, সোনা এবং দামী ঘড়ি। আর তাতেই বেজায় অস্বস্তিতে পড়েছিলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পাঁচবারের সাংসদ হরিশ রাওয়াত। এবার সেইসব বিতর্ক এড়াতে কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি। দল কি ছাড়বেন? এই প্রশ্নের উত্তর তাঁর কাছ থেকে না মিললেও তিনি দল ছাড়বেন না বলে সূত্রের খবর।

এই পরিস্থিতিতে কংগ্রেসের উপর চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। কারণ ২০২৭ সালে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। উত্তরাখণ্ডের এই পাহাড়ি রাজ্যে টানা দু’বারের বিজেপি শাসনকে উপড়ে ফেলতে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস। সেখানে এমন ঘটনা নিঃসন্দেহে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। হরিশ রাওয়াতের মতো একজন বর্ষীয়ান নেতার গায়ে ‘দুর্নীতির দাগ’ লেগেছে। সেটা নির্বাচনী প্রচারে নিয়ে আসবে বিজেপি। তাতে অস্বস্তি বাড়বে হাত শিবিরের। এই নিয়ে নতুন করে আর বিতর্ক যাতে না গড়ায় তাই দলের সমস্ত পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত বলে জানিয়েছেন হরিশ রাওয়াত।

উত্তরখণ্ডে ২০১৬ সালে গ্রাম সেবক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। যার তদন্ত করছে ইডি। টাকার বিনিময়ে অনেককে সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশনের পরীক্ষায় সুবিধা পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই মামলার তদন্তে হরিশ রাওয়াতের আপ্তসহায়ক চন্দন সিং জিনার বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। তাতে বিপুল আয় বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করে ইডি। তার মধ্যে আছে নগদ ৩২ লক্ষ টাকা, ২০০ গ্রামের বেশি সোনার কয়েন, চেন এবং ১২টি দামি ঘড়ি। হরিশ রাওয়াত মুখ্যমন্ত্রী থাকাকালীন জিনা তাঁর ওএসডি ছিলেন। এখন এই পদ ছেড়ে দিলেও বিতর্ক থামছে না।


এই ইস্যুতে আপ্তসহায়ক চন্দন সিং জিনার পাশে দাঁড়িয়েছেন হরিশ রাওয়াত। নিজের স্বপক্ষে যুক্তি সাজিয়ে সমাজমাধ্যমে হরিশ রাওয়াত লিখেছেন, ‘টেলিভিশনে খবর দেখানো হচ্ছে যে, দেরাদুনে আমার আপ্তসহায়কের বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং গয়না উদ্ধার করা হয়েছে। তার পিছনে থাকা সত্য আগামীদিনে বেরিয়ে আসবে। এটা ঠিক যে, জিনা আমার ওএসডি হিসেবে কাজ করেছেন। সরকার বা দলে যখন কোনও দায়িত্বে থেকেছি, তখন তিনিও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’