ছত্তিসগড়ে গ্রেপ্তার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশের ছেলে

ফাইল চিত্র

কয়লা প্রকল্পের জন্য মোদীর বিরোধিতা করেছিলেন, আর তারপরেই গ্রেপ্তার হলেন ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে। আর্থিক তছরুপের কারণ দেখিয়ে ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করেছে ইডি। তবে রাজনৈতিক হিংসার কারণে ছেলেকে ইডি গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তিনি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন।

অন্যদিকে, ইডির তরফে দাবি করা হয়েছে, ভূপেশ বঘেলের ছেলে চৈতন্য আবগারি বিভাগের আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। ছত্তিসগড়ের ভিলাই শহরে তাঁদের বাড়ি। সেই বাড়ি থেকেই চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করেছে ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, আর্থিক তছরুপ বিরোধী আইনের ১৯ নম্বর ধারায় চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করেছে ইডি। তল্লাশি চালানোর সময় ভূপেশ-পুত্র আধিকারিকদের সহযোগিতা করেননি বলেও ইডির তরফে দাবি করা হয়েছে।