চিকিৎসার গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু হল তিন বছরের শিশুর। মৃত শিশুর নাম সার্থক যাদব (৩)। অভিযোগ, ওই শিশুকে ওষুধের বদলে ফর্মালিন দেওয়া হয়। ক্যান্সার আক্রান্ত ওই শিশুর মৃত্যুর ঘটনায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চাঞ্চল্য শুরু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুজন নার্সিং আধিকারিকের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।
তিন বছরের সার্থক যাদব মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা। সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয়। সেই সময়ে শিশুকে এইমসে ভর্তি করা হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, শিশুটির আইভি লাইন ব্লক হয়ে গিয়েছিল। সেই সময়ে কর্তব্যরত এক নার্স শিশুটিকে ইনজেকশন দেন।
তদন্তে জানা গিয়েছে, ওই ইনজেকশনে ফর্মালিন ভর্তি ছিল। এই বিষাক্ত রাসায়নিক সাধারণত বায়োপসি নমুনা সংগ্রহ ও মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। সেই বিষাক্ত শিশুটির শরীরে প্রবেশের পরেই সে জ্ঞান হারায়। পরে সিপিআর-সহ জরুরি চিকিৎসা করা হলেও চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে পারেনি।
তদন্তে জানা গিয়েছে, বায়োপসি প্রক্রিয়ার জন্য ফর্মালিন ভর্তি ইনজেকশনটি আনা হয়েছিল। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরেও সেটাকে নষ্ট করে দেওয়া হয়নি। দুই নার্সিং আধিকারিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভোপালের বাগসেওনিয়া থানার পুলিশ সেই মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই ওই হাসপাতাল কর্তৃপক্ষ দুই নার্সকে সাসপেন্ড করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।