গুজরাত-সহ ৩ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে, ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম। গুজরাতের পাশাপাশি শুক্রবার লাক্ষাদ্বীপ
এবং পুদুচেরির ভোটার তালিকারও নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে কমিশন।

তিন মাস ধরে এসআইআর চলার পর মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল। সেই দিনই জানা গিয়েছিল কত জন ভোটারের নাম বাদ পড়েছে। তবে প্রকাশিত তালিকা নিয়ে বেশ কিছু আপত্তি ওঠে। সেগুলি খতিয়ে দেখে তালিকায় কিছু সংযোজন-বিয়োজনের পর শুক্রবার নতুন তালিকা প্রকাশ করেছে কমিশন।

কমিশনের তথ্য থেকে জানা গিয়েছে, গুজরাতে এসআইআর শুরু হওয়ার সময় ভোটার তালিকায় ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ জন ভোটারের নাম ছিল। এসআইআর প্রক্রিয়ার শেষে সেই সংখ্যাটা কমে হয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫। অর্থাৎ বাদ পড়েছে ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ জনের নাম। ২০২৫-এর ১৯ ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকায় আরও ৫ লক্ষ ৬০ হাজার নতুন নাম যোগ হয়েছে। কমিশনের আধিকারিকদের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, খসড়া ভোটার তালিকায় প্রায় ৭৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। ফলে রাজ্যে ভোটার সংখ্যা ৫ কোটি ৮ লক্ষ থেকে কমে ৪ কোটি ৩৪ লক্ষে নেমেছিল। কিন্তু পরে ৫ লক্ষ ৬০ হাজার নতুন ভোটারের নাম যুক্ত হয়। তাই চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ জনের নাম।


গুজরাতের পাশাপাশি লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির ভোটার তালিকারও নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে কমিশন। এসআইআর শুরু হওয়ার সময় লাক্ষাদ্বীপের ভোটার তালিকায় ৫৭ হাজার ৮১৩ জনের নাম ছিল। এসআইআর-এর পর তা কমে ৫৭ হাজার ৬০৭ হয়েছে। অর্থাৎ চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ২০৬ জনের নাম। পুদুচেরিতে এসআইআর শুরুর আগে ভোটার ছিলেন ১০ লক্ষ ২১ হাজার ৫৭৮ জন। কিন্তু চূড়ান্ত তালিকায় তা কমে হয়েছে ৯ লক্ষ ৪৪ হাজার ২১১। পুদুচেরিতে বাদ পড়েছে ৭৭ হাজার ৩৬৭ জনের নাম।

কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ভোটার তালিকায় আপডেটেশন একটি ধারাবাহিক প্রক্রিয়া। মনোনয়নের শেষ দিন পর্যন্ত যে কেউ ভোটার তালিকায় নাম তোলার জন্য ৬ ফর্ম পূরণ করতে পারেন। আবার নাম বাদ দেওয়ার জন্য ৭ ফর্ম এবং কোনও পরিবর্তনের জন্য ফর্ম ৮ পূরণ করা যাবে।

ইতিমধ্যেই বিহারে এসআইআর প্রক্রিয়া এবং অসমে বিশেষ সংশোধন বা এসআর-এর কাজ শেষ হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, গোয়া, ছত্তীসগঢ়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা।